ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জ্বালানি মন্ত্রীকে নিয়ে মন্তব্য: আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা

জ্বালানি মন্ত্রীকে নিয়ে মন্তব্য: আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা
×

সংসদ সদস্য মুফতি আমির হামজা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬ | ২১:৫৫

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মন্তব্য করার ঘটনায় আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। আমির হামজা কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা।

আজ সোমবার সিরাজগঞ্জ সদর আমলি আদালতে সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম নাজমুল ইসলাম এ মামলা করেন। 

মামলার বাদী বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকু একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং তিনি জেলায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। সম্প্রতি মুক্তিযোদ্ধাদের সম্মাননা উপলক্ষে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে আমির হামজা তাঁকে ‘আপাদমস্তক নাস্তিক’ বলে মন্তব্য করেন, যা তাঁর সম্মানহানি করেছে।

তিনি আরও বলেন, এ ধরনের বক্তব্যের মাধ্যমে জনসমক্ষে মন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণে দণ্ডবিধির ৫০০ ধারায় ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শাকিল মোহাম্মদ রফিক সরকার বলেন, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন। এ বিষয়ে পরবর্তী আদেশ দেওয়া হবে বলে জানা গেছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, জ্বালানি মন্ত্রীকে নিয়ে এমন মন্তব্যের বিষয়টি সত্যি আপত্তিকর। আমরা বিষয়টি নিয়ে সাংগঠনিকভাবে বসে মামলার সিদ্ধান্ত নিয়েছি।

আরও পড়ুন

×