আত্মরক্ষায় ব্লেড নিয়ে ঝাঁপিয়ে পড়েন গৃহবধূ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬ | ০৮:৫৮ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ | ১০:২৭
| প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জের গজারিয়ায় মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গত শনিবার সন্ধ্যায় বাউশিয়া ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। সম্ভ্রম বাঁচাতে ওই গৃহবধূ ব্লেড দিয়ে পাল্টা আঘাত করলে অভিযুক্ত ব্যক্তি আহত হয়ে আত্মগোপনে রয়েছেন।
জানা গেছে, টেকপাড়া পূর্বপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক হাতেম আলী জমি-সংক্রান্ত বিরোধ মীমাংসার আশ্বাস দিয়ে ওই গৃহবধূর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে গৃহবধূ যখন রান্নার কাজ সেরে ঘরে ফেরেন, তখন সুযোগ বুঝে হাতেম আলী তাঁর ঘরে প্রবেশ করেন। পাশের কক্ষে সন্তানরা পড়তে থাকায় অভিযুক্ত ব্যক্তি গৃহবধূর মুখ চেপে ধরে শ্লীলতাহানির চেষ্টা চালায়।
ভুক্তভোগী গৃহবধূ বলেন, ‘উদ্দেশ্য বেগতিক দেখে আমি আত্মরক্ষার্থে হাতের কাছে থাকা ব্লেড তুলে নিই। ধস্তাধস্তির একপর্যায়ে সম্ভ্রম বাঁচাতে আমি তাঁর শরীরের নিম্নাংশে আঘাত করি। লোকলজ্জার ভয়ে সে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।’
হাতেম আলী একটি বেসরকারি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে পলাতক রয়েছেন। স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান জানান, মসজিদ কমিটির দায়িত্বশীল একজন ব্যক্তির কাছ থেকে এমন ন্যক্কারজনক আচরণ কোনোভাবেই কাম্য নয়। তাঁকে দ্রুত কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। উপযুক্ত বিচার চান তারা।
গজারিয়া থানার ওসি হাসান আলীর ভাষ্য, একটি লিখিত অভিযোগ পেয়েছেন তারা। প্রাথমিক তদন্তে জানা গেছে জমি নিয়ে বিরোধ মিটিয়ে দেওয়ার কথা বলে ওই ব্যক্তির ঘরে প্রবেশ এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
- বিষয় :
- গৃহবধূ
