‘সংস্কৃতি চর্চায় বিপ্লব ঘটাতে হবে’
ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রী সমকাল
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ | ০৮:১১
| প্রিন্ট সংস্করণ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর মূল অনুষ্ঠানমালা জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিশালে। গতকাল শনিবার ত্রিশালের নজরুল অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে ‘ময়মনসিংহ বিভাগে সংস্কৃতির বিকাশে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বিষয়টি নিশ্চিত করেন।
কাজী রফিজউল্লাহ দারোগার হাত ধরেই ভারতের আসানসোল থেকে প্রথমবারের মতো ময়মনসিংহের ত্রিশালের কাজিরসিমলায় আগমন ঘটে কাজী নজরুল ইসলামের। কবির কৈশোরের লম্বা সময় কাটে ত্রিশালে। তাঁর আগমনে বাংলাদেশের মাটি শুধু ধন্যই হয়নি, স্বাধীনতা যুদ্ধে প্রেরণা ও শক্তি জুগিয়েছিল তাঁর কবিতা ও গান।
গতকাল প্রধান অতিথির বক্তব্যে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, সংস্কৃতি চর্চায় বিপ্লব ঘটাতে হবে। ভিন্ন আঙ্গিকে, আকর্ষণীয় ও সর্বোচ্চ জাঁকজমকপূর্ণভাবে এবার কবি নজরুলের জন্মজয়ন্তী পালন করা হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বক্তব্যে বলেন, ‘প্রায় ২০ বছর ত্রিশাল তথা ময়মনসিংহবাসী জাতীয় পর্যায়ের অনুষ্ঠানমালা থেকে বঞ্চিত ছিল। চমকপদ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে গত ২০ বছরের বঞ্চিত থাকার গ্লানি মুছতে চাই। যেহেতু প্রধানমন্ত্রী আসবেন, তাই অনুষ্ঠানটি সুন্দর হওয়া চাই।’
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। আরও বক্তব্য দেন এমপি ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, এমপি কামরুল হাসান মিলন ও এমপি মাহমুদ উল্লাহ, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া ও জেলা প্রশাসক সাইফুর রহমান প্রমুখ। সভা শেষে অতিথিরা কবি নজরুলের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন করেন।
- বিষয় :
- সংস্কৃতিচর্চা
