মুন্সীগঞ্জের ৩ উপজেলায় হামের টিকাদান শুরু
ছবি: সমকাল
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ | ১৩:৩০
উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত মুন্সীগঞ্জের তিনটি উপজেলাসহ দেশের ৩০টি উপজেলায় একযোগে শুরু হয়েছে শিশুদের হাম-রুবেলা টিকাদান কর্মসূচি।
মুন্সীগঞ্জের ১টি পৌরসভা ও তিনটি উপজেলার ১৫টি ইউনিয়নের ৪৭টি কেন্দ্রে রোববার সকাল ৯টা থেকে এই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
জেলা সদরের ৪টি কেন্দ্রে রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদের হাম-রুবেলা টিকা দেওয়া হচ্ছে। এর মধ্যে সদর উপজেলার ৪টি ইউনিয়ন ১৬টি কেন্দ্রে, লৌহজং উপজেলার ৫টি ইউনিয়নের ১৩টি কেন্দ্র এবং শ্রীনগর ৬টি ইউনিয়নের ১৮টি কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম চলমান রয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় ১০ হাজার ৯৫০ ভায়াল টিকা এসেছে। যা থেকে প্রাথমিক অবস্থায় আগামী ৩ সপ্তাহে জেলায় ১ লাখ ৯ হাজার শিশুর মাঝে টিকা কর্মসূচি চলবে। পরবর্তী সময়ে চাহিদা অনুযায়ী আসবে আরও টিকা।
মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয় এবং মুন্সীগঞ্জ পৌরসভার স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ জেলায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৪৭ জন পরীক্ষা করেছেন। এদের মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ১১ জন এবং এপিডেমিওলজিক্যালি পরীক্ষায় ১৫ জনের হাম শনাক্ত করা হয়েছে। আক্রান্তরা সবাই শিশু। তাদের মধ্যে বর্তমানে ৪ জন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের বিশেষায়িত হাম ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে।
- বিষয় :
- মুন্সীগঞ্জ
- হাম-রুবেলা টিকা
- হাম
- টিকাদান কর্মসূচি
