ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কাজ না করেই প্রকল্পের টাকা তুলে আত্মসাৎ

কাজ না করেই প্রকল্পের টাকা তুলে আত্মসাৎ
×

নরসিংদী প্রতিনিধি 

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬ | ০৮:২১

| প্রিন্ট সংস্করণ

নরসিংদী পৌরসভার ১২টি টিআর প্রকল্পের কাজ না করেই ৪১ লাখ ১৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ২০২৫-২৬ অর্থবছরে এসব প্রকল্পের মধ্যে ছিল পৌরসভা এলাকার কবরস্থানে মাটি ভরাট, অভ্যন্তরীণ রাস্তা মেরামত, দেয়াল নির্মাণ, সিসি ক্যামেরা স্থাপন ও সংস্কার, সৌন্দর্যবর্ধন, ডাস্টবিন স্থাপন, পৌর এলাকার ৩টি ব্যাডমিন্টন কোর্ট সংস্কার, বিভিন্ন স্কুলের ক্রীড়াসামগ্রী ক্রয়। কাজ না করে অর্থ আত্মসাৎ করায় পৌর কবরস্থান এলাকার একজন বাসিন্দা জেলা প্রশাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, নরসিংদী পৌরসভার সাবেক প্রশাসক ও বর্তমান অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মনোয়ার হোসেন দায়িত্বে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে। মাস তিনেক আগে প্রকল্পগুলো নেওয়া হয়। তবে কাজ না করেই গত ১৫ মার্চের আগে সব টাকা উত্তোলন করা হয়।

প্রকল্পগুলো এবং এর বিপরীতে বরাদ্দ ও উত্তোলনকৃত টাকার পরিমাণ হচ্ছে, পৌর এলাকার বিভিন্ন মোড়ে ডাস্টবিন স্থাপনে ৪ লাখ টাকা, বিভিন্ন সড়কে নতুন সিসি ক্যামেরা স্থাপনে ৪ লাখ, পুরোনো সিসি ক্যামেরা সংস্কারে ২ লাখ ৯৫ হাজার, পৌর গোরস্তান সংস্কারে ২ লাখ ৯৫ হাজার ও মাটি ভরাটে ৩ লাখ, নরসিংদী বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের সীমানাপ্রাচীর নির্মাণে ৪ লাখ, পৌর পার্কের অভ্যন্তরীণ সড়ক মেরামতে ৪ লাখ ৩১ হাজার, ৩টি ব্যাডমিন্টন কোর্টের সংস্কারে ৩ লাখ, দুটি ভলিবল কোর্ট সংস্কারে ২ লাখ ৯৫ হাজার, নরসিংদী অফিসার্স ক্লাবের টেনিস কোর্টের উন্নয়নে ৩ লাখ, অফিসার্স কোয়ার্টারসংলগ্ন মাঠের সৌন্দর্যবর্ধনে ৪ লাখ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণে ৩ লাখ টাকা। 

সম্প্রতি বিভিন্ন প্রকল্প পরিদর্শনে গেলে সংশ্লিষ্টরা জানান, প্রকল্প অনুযায়ী কোনো কাজই হয়নি। পৌর এলাকার রাস্তায় নতুন সিসি ক্যামেরা স্থাপন বা মেরামত করা হয়নি। সিসি ক্যামেরার কোনো এক্সেস পৌরসভায় নেই। পৌর কবরস্থান শালিদা এলাকার বাসিন্দা নুরুল আমিন কোনো কাজ না করে প্রায় ৬ লাখ টাকা আত্মসাৎ করায় বর্তমান জেলা প্রশাসক এবং নরসিংদী পৌর প্রশাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন।
নরসিংদী পৌরসভার সাবেক পৌর প্রশাসক মনোয়ার হোসেন বলেন, অনেক সময় আগে টাকা তোলে পরে কাজ করা হয়। অনেকগুলো কাজ হয়েছে, কবরস্থানের মাটি ভরাট ও সংস্কার কাজ হয়নি, পর্যায়ক্রমে তা করা হবে।

আরও পড়ুন

×