ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে রাস্তা, দূর হলো দুর্ভোগ

শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে রাস্তা, দূর হলো দুর্ভোগ
×

 গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬ | ০৯:০৫

| প্রিন্ট সংস্করণ

গোয়াইনঘাটের জাফলংয়ে শিক্ষার্থীদের উদ্যোগে নির্মিত হলো একটি চলাচলযোগ্য রাস্তা। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অস্থায়ী খুঁটির সেতু পেরিয়ে স্কুলে যাতায়াত করছিল এখানকার পাঁচ শতাধিক শিক্ষার্থী। মূলত এই বিষয়টি আমলে নিয়ে রাস্তাটি করা হয়।

জানা যায়, গোয়াইনঘাট উপজেলার জাফলং গুচ্ছগ্রাম এলাকায় অবস্থিত একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন যাতায়াতের পথে বড় বাধা ছিল একটি নালা। নালার ওপর অস্থায়ীভাবে বসানো দুর্বল সিমেন্টের খুঁটির ওপর দিয়েই শিক্ষার্থী ও শিক্ষকরা ঝুঁকি নিয়ে চলাচল করতেন।

দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে অবশেষে এগিয়ে আসেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার দুপুরের দিকে তারা স্বেচ্ছাশ্রমে নালার 
ওপর মাটি ভরাট করে একটি ব্যবহারযোগ্য রাস্তা নির্মাণ করেন। অল্প সময়ের মধ্যে নির্মিত এই রাস্তা এখন শিক্ষার্থীদের জন্য নিরাপদ চলাচলের পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে।
শিক্ষার্থীরা জানায়, আগে স্কুলে আসতে ভয় লাগত। বিশেষ করে বৃষ্টির দিনে ঝুঁকি নিয়ে আসতে হতো। এখন রাস্তা হওয়ায় তারা স্বস্তিতে ও নিরাপদে যাতায়াত করতে পারছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি করিম মাহমুদ লিমন বলেন, নালার ওপর বিছানো সিমেন্টের খুঁটির ওপর দিয়ে প্রতিদিন শিক্ষক-শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো। শিক্ষার্থীদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

অভিভাবক ও স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, শিক্ষার্থীদের এমন সচেতন ও দায়িত্বশীল পদক্ষেপ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। ছোট্ট এই উদ্যোগে বড় একটি সমস্যার সমাধান হয়েছে।
তারা উল্লেখ করেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। তাই দ্রুত সময়ের মধ্যে স্থায়ী 
ও টেকসই অবকাঠামো নির্মাণে প্রয়োজনীয় 
পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।

আরও পড়ুন

×