সিরাজগঞ্জে ২৯টি বন্দুকসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
সিরাজগঞ্জে ২৯টি বন্দুকসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ-সমকাল
সিরাজগঞ্জ ও তাড়াশ প্রতিনিধি
প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯ | ০৩:৫০ | আপডেট: ০৭ নভেম্বর ২০১৯ | ০৫:০৯
সিরাজগঞ্জে ২৮টি দেশীয় বন্দুক, ১টি দেশীয় তৈরি এলজি সহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ ডিবি পুলিশ।
বুধবার গভীর রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাই ও পাবনা সদর থানাধীন ভাওডাঙ্গা কালুরপাড়া এলাকা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-পাবনা সদর থানার খয়ের বাগান বাজার এলাকার আব্দুল হেলাল খাঁর ছেলে মিজানুর রহমান মিজান (১৯) ও ভাওডাঙ্গা কালুরপাড়া এলাকার মৃত ইমান আলীর ছলে মো. আব্দুল ওহাব (৩৫)।
বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার টুটুল চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ ও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওহেদুজ্জামান প্রমুখ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, আইন-শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকদ্রব্য উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে বুধবার গভীর রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাই সিলভার ডেলপার্কের সামনে অবৈধ অস্ত্র বিক্রি হচ্ছে এমন তথ্যে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ।
তিনি আরও বলেন, ১টি দেশীয় তৈরি বন্দুক, ১টি দেশীয় তৈরি এলজি অস্ত্র ও ১টি কার্তুজসহ আব্দুল ওহাব ও মিজানুর রহমান নামে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যমতে পাবনা জেলা পুলিশের সহযোগিতায় পাবনার সদর থানার ভাওডাঙ্গা কালুরপাড়া এলাকার আব্দুল ওহাবের বাড়িতে অভিযান চালিয়ে ২টি চটের বস্তা থেকে ২৭টি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়।
পুলিশ সুপার টুটুল চক্রবর্তী আরও বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে অস্ত্র তৈরি করে বিক্রি করে আসছিলেন।
- বিষয় :
- সিরাজগঞ্জ
