ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

পড়ার টেবিলে অসুস্থ, হাসপাতালে মৃত্যু

পড়ার টেবিলে অসুস্থ, হাসপাতালে মৃত্যু
×

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ছাত্র জীবক চাকমা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ | ১৬:৫০

পড়ার টেবিলে অসুস্থ হয়ে পড়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী জীবক চাকমা (২০)। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন তাঁকে। চিকিৎসকেরা জানিয়েছেন, স্ট্রোক করেই মারা গেছেন তরুণ এই শিক্ষার্থী। 

জীবক চাকমার বাড়ি রাঙামাটির নানিয়ারচর উপজেলার নানিয়ারচরে। তিনি ডাকঘরের রামহরি পাড়া এলাকার ৫৫ নম্বর হোল্ডিংয়ের বাসিন্দা রবিলেন্দু চাকমার ছেলে।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (জেএসএসসমর্থিত) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ইতিহাস বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী অন্বেষ চাকমার ভাষ্য, রোববার সকালে পড়ার টেবিলে বসে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জীবক। 

দ্রুত তাঁকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জীবককে মৃত ঘোষণা করেন। গতকাল (শনিবার) পর্যন্ত তিনি স্বাভাবিক ছিলেন বলেও জানান অন্বেষ চাকমা।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে জীবক চাকমাকে মেডিকেল সেন্টারে আনা হয়। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে রোগ নির্ণয় সম্ভব না হওয়ায় অক্সিজেন দিয়ে তাঁকে চমেক হাসপাতালে পাঠানো হয়।

চমেক হাসপাতালে কর্মরত পুলিশের কনস্টেবল আবদুল্লাহ হোসেন বলেন, ওই ছাত্রকে জরুরি বিভাগে নেওয়ার পর কিৎসক তাঁকে সকাল ৯টা ২০ মিনিটের দিকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণেই তিনি মারা গেছেন। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন জীবক। তাঁকে শুরুতে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
 

আরও পড়ুন

×