ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাত দিন পরও মামলা নিচ্ছে না পুলিশ

পুলিশ মেসের তত্ত্বাবধায়ককে ডিবির নির্যাতন

সাত দিন পরও মামলা নিচ্ছে  না পুলিশ
×

ইউনুস ফকির

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬ | ০৮:৪০ | আপডেট: ২২ এপ্রিল ২০২৬ | ১২:০৬

| প্রিন্ট সংস্করণ

পিরোজপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে পুলিশ মেসের তত্ত্বাবধায়ক ইউনুস ফকিরকে নির্যাতনের বিচার দাবি করেছেন এলাকাবাসী। গতকাল মঙ্গলবার দুপুরে পিরোজপুর সদর থানার সামনের সড়কে মানববন্ধনে এই দাবি তোলেন তারা। এতে ইউনুস ফকিরের স্বজন ও এলাকাবাসী অংশ নেন। ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও এ ঘটনায় পুলিশ মামলা নিচ্ছে না বলে তারা অভিযোগ করেন।

সেখানে বক্তারা অভিযোগ করেন, পিরোজপুর জেলা পুলিশের অফিসার্স মেসের তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত খানাখুনিয়ারী গ্রামের বাসিন্দা ইউনুস ফকিরের বিরুদ্ধে টাকা চুরির মিথ্যা অভিযোগ আনা হয়। এ কারণে গত ১৩ এপ্রিল পিরোজপুর জেলা ডিবি পুলিশের ওসি আরিফুল ইসলাম ও ডিবি পুলিশের অন্য সদস্যরা নির্মমভাবে মারধর করেন। এক পর্যায়ে তারা মোম গলিয়ে ইউনুস ফকিরের পুরুষাঙ্গে ফেলেন। ঘটনার পর ইউনুসের চিকিৎসাও করায়নি পুলিশ। পরে ইউনুসের স্বজনরা তাঁকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন।

নির্মম ও অমানবিক এ ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত ডিবি সদস্যদের গ্রেপ্তার বা বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি ইউনুস ফকিরের পরিবারের পক্ষে থানায় মামলা দিতে গেলেও পুলিশ মামলা নিচ্ছে না।

মানববন্ধনে বক্তব্য দেন ইউনুস ফকিরের ভাই আনিসুর ফকির, ভগ্নিপতি আব্দুল লতিফ সেখ, ভাতিজি লাকি আক্তার, ইমাম সেখ প্রমুখ। 
মামলা না নেওয়ার বিষয়ে জানতে চাইলে পিরোজপুর সদর থানার ওসি মাহামুদ হোসেন বলেন, ‘ঘটনাটি পুলিশকে জড়িয়ে, তাই ভুক্তভোগী পরিবারকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। কেননা বিষয়টি নিয়ে আমরা কিছুটা বিব্রত বোধ করছি। তাই আদালতে মামলা ও বিষয়টি পিবিআইয়ের মাধ্যমে তদন্ত করলে সবার জন্য ভালো হবে।’

পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মেদ সিদ্দিকী সমকালকে বলেন, ইউনুস ফকিরকে নির্যাতনের ঘটনায় ডিবির কনস্টেবল মো. কাওসার ও মো. আব্দুল্লাহ আল মামুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা ডিবির ওসি আরিফুল ইসলামকে প্রত্যাহার করে বরিশাল রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে পুলিশ সদরদপ্তর, বরিশাল রেঞ্জ ও পিরোজপুর জেলা পুলিশের পক্ষ থেকে পৃথক তিনটি তদন্ত কমিটি করা হয়েছে। এসব কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
 

আরও পড়ুন

×