ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

চট্টগ্রামের ঐতিহ্য

জব্বারের বলীখেলার ১১৭তম আসর বসছে শনিবার

জব্বারের বলীখেলার ১১৭তম আসর বসছে শনিবার
×

আগামীকাল শুক্রবার থেকে চট্টগ্রাম লালদীঘির মাঠজুড়ে শুরু হবে দুই দিনব্যাপী ১১৭তম আবদুল জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা। এ উপলক্ষে বিভিন্ন জেলা থেকে মৌসুমি ব্যবসায়ীরা নানা রকম পণ্য নিয়ে আসছেন। গতকাল বুধবার লালদীঘির মাঠে মো. রাশেদ

 চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ০৭:৫৯

| প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলার ১১৭তম আসর আগামী শনিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে তিন দিনব্যাপী বৈশাখী মেলারও আয়োজন করা হয়েছে। খেলা ও মেলা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কর্তৃপক্ষ। গতকাল বুধবার দুপুরে চসিক অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেয়র ডা. শাহাদাত হোসেন।

মেলা কমিটির পক্ষ থেকে লালদীঘি চত্বরকে খেলা ও মেলার প্রতিষ্ঠাতা আবদুল জব্বারের নামে ‘আবদুল জব্বার চত্বর’  হিসেবে ঘোষণা দেওয়া হয়। লালদীঘির পাড়ে চৌরাস্তার মোড়ে চট্টগ্রাম সিটি করপোরেশন একটি টেরাকোটা ত্রিভুজ আকৃতির ম্যুরাল স্থাপন করেছে, যেখানে কুস্তি প্রতিযোগীদের লড়াইয়ের একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। ম্যুরালটি উদ্বোধন করেন মেয়র শাহাদাত হোসেন।
সংবাদ সম্মেলনে মেয়র বলেন, আমি ইতিহাস-ঐতিহ্যের কথা মাথায় রেখে চত্বরটিকে নতুন রূপ দেওয়ার চেষ্টা করেছি। এ মেলা চট্টগ্রামের সব ধরনের মানুষের প্রাণের মেলা। 
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের বলীখেলা উদ্বোধন করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল প্রমুখ। 

আরও পড়ুন

×