ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘আমার ভাই একটু পানির জন্য কাতরাচ্ছিলেন’

‘আমার ভাই একটু পানির জন্য কাতরাচ্ছিলেন’
×

রাজবাড়ী শহরের মিলেনিয়াম মার্কেটের সামনে রোববার আয়োজিত কর্মসূচির একাংশ। ছবি: সমকাল

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ১৭:০২

‘আমার ভাইয়ের ওপর যখন হামলা করা হয়, বেদম প্রহারে একটু পানির জন্য কাতরাচ্ছিলেন। আমি এগিয়ে গেলে আমাকেও পিটিয়ে পা ভেঙে দেয়।’ ভাই হত্যার বিচার দাবিতে আয়োজিত সমাবেশে কথাগুলো বলছিলেন গোলাম মোস্তফা। 

গত ২৩ ফেব্রুয়ারি রাজবাড়ী সদরের রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া গ্রামে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন মোস্তফার ভাই আতর আলী। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। একই হামলায় আহত হন তাঁর চার ভাই। 

আতর আলী হত্যা মামলার সব আসামি গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি রাজবাড়ী জেলা শাখা মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।

বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী শহরের মিলেনিয়াম মার্কেটের সামনে আয়োজিত কর্মসূচিতে গোলাম মোস্তফা বলেন, ‘ঘটনার প্রায় তিন মাস পার হলেও আমি এখনও ভালোভাবে হাঁটতে পারিনা। আমি ক্রাচে ভর দিয়ে হাঁটি।’

তাঁর অভিযোগ, আসামি পক্ষ খুবই প্রভাবশালী। তারা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। বলছে, যারা জেলে আছে তারা বের হয়ে আবারও হামলা করবে। তাদের জীবনের নিরাপত্তা কে দেবে? 

মানববন্ধনে নিহত আতর আলীর ১২ বছরের মেয়ে মীম আক্তারসহ আয়োজক সংগঠনের নেতাকর্মী ও বেথুলিয়া গ্রামের বাসিন্দারা অংশ নেন। 

কর্মসূচিতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি রবিউল আলম মিনু বলেন, ‘দুর্বৃত্তদের হামলায় আতর আলী নিহত হয়েছেন। তাঁর তিন সন্তান এতিম হয়েছে, স্ত্রী হয়েছেন বিধবা। তাদের সহায়-সম্বল কিছু নেই। হামলায় আতর আলীর চার ভাই পঙ্গু হয়ে গেছেন।’

তিনি বলেন, ‘গত ২৫ ফেব্রুয়ারি আতর আলী হত্যার প্রতিবাদে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছিলাম। তৎকালীন জেলা প্রশাসক সব শুনে ১০ হাজার টাকা সাহায্য দিয়েছিলেন। তখন পুলিশ অভিযান চালিয়ে ২১ আসামির মধ্যে ৯ জনকে গ্রেপ্তার করে। এখনও ১২ জন আসামি গ্রেপ্তার হয়নি।’

তিনি দ্রুত সময়ের মধ্যে অন্য আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

মানববন্ধন শেষে একটি মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। সেখানে স্মারকলিপি দেওয়া হয়। বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির জেলা সভাপতি আনিছুর রহমান ও সম্পাদক হান্নান মোল্লা চুন্নুর সই করা স্মারকলিপিতে আতর হত্যাকান্ডের বিচার ও ক্ষতিপূরণের দাবি জানানো হয়। 

আরও পড়ুন

×