সাতক্ষীরার কোন আম কবে বাজারে আসছে
ফাইল ছবি
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ | ০২:৪৪
অপরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাত বন্ধে সাতক্ষীরা জেলা প্রশাসন চলতি মৌসুমের আম সংগ্রহ ও বাজারজাতের নির্ধারিত ক্যালেন্ডার ঘোষণা করেছে। রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত ‘নিরাপদ আম বাজারজাতকরণ’ শীর্ষক মতবিনিময় সভায় এই সময়সূচি জানানো হয়।
ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৫ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই ও গোলাপখাসসহ বিভিন্ন বৈশাখী জাতের আম বাজারে আসবে। জনপ্রিয় সুগন্ধি জাত হিমসাগর আম পাওয়া যাবে ১৫ মে থেকে। ল্যাংড়া আমের জন্য অপেক্ষা করতে হবে ২৭ মে পর্যন্ত। আর জুনের শুরুতে ৫ জুন থেকে আম্রপালি সংগ্রহ ও বাজারজাত শুরু হবে।
জেলা প্রশাসক আফরোজা আখতার জানান, নির্ধারিত সময়ের আগে কোনো আম সংগ্রহ বা বাজারজাত করা যাবে না। এ বিষয়ে কঠোর নজরদারি থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কৃষি বিভাগ যৌথভাবে কাজ করবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর জেলায় ৪ হাজার ১৪০ হেক্টর জমিতে ৫ হাজার ৩৫০টি বাগানে প্রায় ১২ হাজার ৩০০ জন চাষি আমের আবাদ করেছেন। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৭০ হাজার মেট্রিক টন।
কৃষি কর্মকর্তারা জানান, সাতক্ষীরার মাটি ও আবহাওয়ার কারণে এখানকার আম স্বাদ ও ঘ্রাণে আলাদা বৈশিষ্ট্য বহন করে। রপ্তানিযোগ্য মান বজায় রাখতে আগাম আম পাড়া বন্ধে ভ্রাম্যমাণ আদালত, চেকপোস্ট ও বিশেষ তদারকি দল মাঠে কাজ করবে। পাশাপাশি কৃষক ও ব্যবসায়ীদের সচেতন করতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
- বিষয় :
- আম
- ক্যালেন্ডার
- সাতক্ষীরা
