খুলনা প্রেসক্লাবে প্রবেশ করে হামলা ও হুমকি, প্রতিবাদে মানববন্ধন
শ্রমিক দলের ৪ নেতার নামে মামলা, গ্রেপ্তার নেই
খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সাংবাদিকরা। ছবি-সমকাল
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ | ১৮:৫৫ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ | ২২:২৩
খুলনা প্রেসক্লাবে প্রবেশ করে সাংবাদিকদের হুমকি ও হামলা চেষ্টার ঘটনায় শ্রমিক দলের চার নেতার নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ২০-২৫ জনকে আসামি করে মামলা হয়েছে। সোমবার খুলনা প্রেসক্লাবের প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় কুমার দত্ত বাদী হয়ে খুলনা সদর থানায় মামলাটি দায়ের করেন। এ ঘটনার ৩৬ ঘণ্টা অতিবাহিত হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলার আসামিরা হলেন, ২১নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি রিপন আকন, ঘাট শ্রমিক দলের সভাপতি গাউস হাওলাদার, শ্রমিক দল নেতা মো. হালিম ও ২১নং ওয়ার্ড শ্রমিক দলের সহ-সভাপতি মিজানুর রহমান মিজান।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ‘রোববার সন্ধ্যা আনুমানিক ৬টা ৫ মিনিটে দেশীয় অস্ত্রসহ একদল সন্ত্রাসী খুলনা প্রেসক্লাবে জোরপূর্বক প্রবেশ করে। তারা দৈনিক প্রবর্তন পত্রিকার সম্পাদক মোস্তফা সরোয়ারকে খুঁজতে থাকে এবং তাকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করে। এ সময় উপস্থিত দৈনিক সময়ের খবর পত্রিকার সম্পাদক তারিকুল ইসলামসহ অন্যরা বাধা দিলে হামলাকারীরা তাদের ওপর আক্রমণের চেষ্টা চালায় এবং এলোপাতাড়ি মারধর শুরু করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার আগে হুমকি দেয়।’
খুলনা সদর থানার অফিসার ওসি মো. শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে হামলার প্রতিবাদে সোমবার দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
