ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

কাস্টমস কর্মকর্তা হত্যা মামলা

আদালতে ৪ আসামির স্বীকারোক্তি, একজন ৩ দিনের রিমান্ডে 

আদালতে ৪ আসামির স্বীকারোক্তি, একজন ৩ দিনের রিমান্ডে 
×

বুলেট বৈরাগী হত্যা মামলায় গ্রেপ্তার ৫ আসামি

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ | ২১:৪১

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় গ্রেপ্তার ৫ আসামির মধ্যে ৪ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর একজনকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। 

সোমবার বিকেলে পুলিশ গ্রেপ্তার ৫ জনকে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। সন্ধ্যায় আদালতের বিচারক আবিদা সুলতানা মলির কাছে ৪ আসামি হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

আদালতের পরিদর্শক মামুনুর রশিদ সমকালকে জানান, কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়ে গ্রেপ্তার ৫ আসামির মধ্যে ইসমাইল হোসেন জনি ছাড়া অপর ৪ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

এরা হচ্ছেন- কুমিল্লা আদর্শ সদর উপজেলার শহরতলীর ধর্মপুর এলাকার মো. সোহাগ (৩৪), মো. সুজন (৩২), আড়াইওড়া এলাকার রাহাত হোসেন জুয়েল (২৭), আমড়াতলী গ্রামের এমরান হোসেন ওরফে হৃদয় (৩৪)। অপর আসামি সিএনজি চালক ইসমাইল হোসেন জনিকে (২৮) জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। শুনানি শেষে আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের বাবুপাড়া এলাকার বাসিন্দা সুশীল বৈরাগীর ছেলে। তিনি সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে কর্মরত ছিলেন। বিবিরবাজার থেকে ১১ এপ্রিল চট্টগ্রামে গিয়েছিলেন ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে। 

প্রশিক্ষণ শেষে গত শুক্রবার গভীর রাতে কুমিল্লা নগরীতে ফিরে দুর্বৃত্তদের হাতে খুন হন বুলেট বৈরাগী। ওই রাত আড়াইটা পর্যন্ত স্ত্রী উর্মিসহ তার পরিবারের সাথে মোবাইলে কথা হয়। পরে কুমিল্লার ঝাগুরঝুলি এলাকায় পৌঁছে যাত্রী সেজে সিএনজিতে বসে থাকা ছিনতাইকারীদের সঙ্গে গাড়িতে উঠলে অস্ত্রের মুখে মোবাইল টাকা পয়সা ব্যাগ ছিনিয়ে নিয়ে তাকে মারধর করে রাস্তায় ফেলে দেয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরদিন শনিবার সকালে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

সদর দক্ষিণ মডেল থানার ওসি সিরাজুল মোস্তফা সমকালকে বলেন, ৫ আসামির মধ্যে ৪ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর একজন আসামিকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আরও পড়ুন

×