তেল নিতে গিয়ে পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগে যুবকের কারাদণ্ড
ছবি : সমকাল
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ | ২৩:৪২
ময়মনসিংহের হালুয়াঘাটে একটি ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে কর্তব্যরত পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনায় এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় তাকে ৫০০ টাকা জরিমানাও করা হয়।
মঙ্গলবার বিকেলে উপজেলার ধারা বাজারের মুন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম তামিম ইকবাল সাদ। তিনি ধারা ইউনিয়নের মাঝিয়াল এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফিলিং স্টেশনে দায়িত্ব পালনকালে হালুয়াঘাট থানার এক পুলিশ সদস্য তামিম ইকবাল সাদকে সিরিয়াল মেনে তেল নেওয়ার অনুরোধ করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই যুবক পুলিশ সদস্যকে ধাক্কা দেন।
খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
পুলিশ সদস্য শাকিল বলেন, জোরপূর্বক তেল নিতে চাচ্ছিল যুবক। সিরিয়াল মেনে তেল নিতে বলায় উত্তেজিত হয়ে গায়ে হাত দেয়। পরে তাকে আটক করে থানায় আনা হয়।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম বলেন, দায়িত্বপালনে বাধা ও পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত বলেন, সরকারি দায়িত্ব পালনে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই দণ্ড প্রদান করা হয়েছে।
