স্কুল ফিডিংয়ে কাঁচাকলা, শিক্ষক বরখাস্ত
ফরিদপুর অফিস
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬ | ০৮:৩৬
| প্রিন্ট সংস্করণ
ফরিদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘মিড-ডে মিল’-এ খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে খাওয়ার অনুপযোগী কাঁচাকলা গ্রহণের অভিযোগে এক শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন।
বরখাস্ত শিক্ষিকার নাম গোলাপী বেগম। তিনি ফরিদপুর সদর উপজেলার শহীদ সালাহ উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
জানা গেছে, গোলাপী বেগম গত ২৫ এপ্রিল স্কুল ফিডিংয়ের খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে খাওয়ার অনুপযোগী কাঁচাকলা গ্রহণ করেন। পরদিন তা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিভাবকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দীন বলেন, এ ঘটনায় তাঁকে সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী অসদাচরণের দায়ে অভিযুক্ত করে ২৮ এপ্রিল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। তিনি আরও বলেন, ‘খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের এমন মানহীন খাবার সরবরাহ বিষয়টি আমরা অধিদপ্তরে লিখিতভাবে জানিয়েছি। এ ব্যাপারে অধিদপ্তর থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
- বিষয় :
- স্কুল ফিডিং কর্মসূচি
