রাজশাহীতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার
প্রতীকী ছবি
বাগমারা (রাজশাহী) সংবাদদাতা
প্রকাশ: ০১ মে ২০২৬ | ২২:০৭
রাজশাহীর বাগমারা উপজেলায় শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে (৩০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার যুবকের নাম মঞ্জুর কারিগর (৩৮)। তিনি উপজেলার যোগীপাড়া ইউনিয়নের ভটখালী গ্রামের মৃত নজের আলী কারিগরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার ভটখালী গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার সময় তরুণীর মা বাড়ির রান্নাঘরে কাজ করছিলেন এবং ভুক্তভোগী পাশের ঘরে অবস্থান করছিলেন। এ সুযোগে অভিযুক্ত মঞ্জুর কারিগর তাঁকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তরুণীকে খোঁজাখুঁজি শুরু করলে অভিযুক্তের শোবার ঘর থেকে তাঁকে কাঁদতে কাঁদতে বের হতে দেখেন।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের কাছে অভিযোগ করেন, অভিযুক্ত তাঁর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। বিষয়টি কাউকে না জানাতে তাঁকে ২০ টাকা দেন।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মঞ্জুর কারিগরকে গ্রেপ্তার করে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ব্যবস্থা গ্রহণ করে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীকে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
- বিষয় :
- রাজশাহী
- ধর্ষণের অভিযোগ
- গ্রেপ্তার
