ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চাঁদপুরে হেলে পড়ল আবাসিক ভবন, সতর্কতা নোটিশ

চাঁদপুরে হেলে পড়ল আবাসিক ভবন, সতর্কতা নোটিশ
×

ছবি: সমকাল

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৬ | ২২:৩২ | আপডেট: ০৩ মে ২০২৬ | ২২:৩৫

চাঁদপুর শহরে একটি বহুতল আবাসিক ভবন হেলে পড়াকে কেন্দ্র করে এলাকাবাসীর মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। খবর পেয়ে আজ রোববার দুপুরে চাঁদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে ছুটে যান। পরে সেখানের ঝুঁকিপূর্ণ দুটি ভবনে সতর্কীকরণ বিজ্ঞপ্তি টাঙিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ভবন দুটিতে বসবাসরত বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

জেলা শহরের পালপাড়া এলাকায় অবস্থিত মো. শাহ আলম ঢালী ও পাশের বাসিন্দা মো. শাহজাহানের চারতল বিশিষ্ট ভবন দুটির একটি হেলে পড়ায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

মো. শাহ আলম ঢালী জানান, ২০১২ সালে তিনি চারতলা ভবন নির্মাণ করেন। পৌরসভার নকশা অনুযায়ী ভবন নির্মাণ করা হয়। কিন্তু, তার প্রতিবেশী মো. শাহজাহানের ভবন হেলে তার ভবনের দিকে ঝুঁকে পড়েছে। এ অবস্থায় তিনি বিষয়টি চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেন।

অপরদিকে, অপর ভবন মালিক মো. শাহজাহান বলেন, ২০১৫ সালে তিনি চারতলা ভবন নির্মাণ করেন। কি কারণে ভবনে সমস্যা হয়েছে, সে সম্পর্কে তিনি অবগত নন। তবে পৌরসভার নিয়ম মোতাবেক ভবন নির্মাণ করা হলেও দেশের বাইরে অবস্থানের কারণে তিনি সঠিকভাবে ভবন নির্মাণ তদারকি করতে পারেননি বলে জানান।

এ বিষয়ে চাঁদপুর পৌরসভার নগর পরিকল্পনাবিদ মো. সোহরাব হোসেন বলেন, ভবন হেলে পড়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তিনি বলেন, নির্মাণ কাজে ত্রুটি থাকায় একটি ভবন কিছুটা হেলে পড়েছে। এতে দুটি ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবন দুটিতে সতর্কীকরণ বিজ্ঞপ্তি টাঙিয়ে দেওয়া হয়। এছাড়া ভবন দুটিতে বসবাসরত বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সোহরাব হোসেন আরও জানান, ভবন দুটি অধিক তদন্ত সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুর পৌরসভার প্রশাসক দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন বলেন, খবর পেয়ে পৌরসভার পক্ষ থেকে কর্মকর্তা-কর্মচারীদের ঘটনাস্থলে পাঠিয়ে নোটিশ টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভবন দুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দুর্ঘটনা এড়াতে ভবন মালিক ও ভাড়াটিয়াদের ভবন ছেড়ে চলে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

এ কর্মকর্তা আরও জানান, আগামীকাল সোমবার সকালের মধ্যেই ফায়ার সার্ভিসের লোকজন এবং আমাদের ম্যাজিস্ট্রেটরা যাবেন এবং ভবন দুটি পুরোদমে খালি করবেন।

আরও পড়ুন

×