চাঁনখালী খাল পুনঃখননে পটিয়ার জলাবদ্ধতা দূর হবে: এমপি এনামুল হক
চাঁনখালী খালের খননকাজ সরেজমিনে পরিদর্শনকালে সংসদ সদস্য এনামুল হক এনাম। ছবি-সমকাল
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৪ মে ২০২৬ | ০৬:২৬
চট্টগ্রামের পটিয়া পৌর এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে চাঁনখালী সংযোগ খালের পুনঃখনন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
রোববার দুপুরে পটিয়া সরকারি কলেজ সংলগ্ন চাঁনখালী খালের খননকাজ সরেজমিনে পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি কাজের অগ্রগতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এমপি এনামুল হক এনাম বলেন, খালটি পুনঃখনন করা হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে। একই সঙ্গে কৃষিকাজে পানির প্রাপ্যতা বাড়বে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের উদ্যোগে দেশব্যাপী জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নে ব্যাপক খাল খনন কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় পটিয়ার এই গুরুত্বপূর্ণ খাল পুনঃখননের কাজ বাস্তবায়ন হচ্ছে, যা স্থানীয় জনজীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।
এ সময় তিনি কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে খননকাজ শেষ করার নির্দেশ দেন। পাশাপাশি খালের স্বাভাবিক প্রবাহ সচল রাখা এবং পরবর্তী রক্ষণাবেক্ষণে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, পটিয়া শহরের পানি নিষ্কাশনের অন্যতম প্রধান মাধ্যম চাঁনখালী খালটি দীর্ঘদিন পলি জমে ভরাট হয়ে পড়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দেখা দিত। চলমান পুনঃখনন কার্যক্রম শেষ হলে এ সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
- বিষয় :
- চট্টগ্রাম
- সংসদ সদস্য
