ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার বিদ্যুৎ কর্মীরা

সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে  হামলার শিকার বিদ্যুৎ কর্মীরা
×

ছবি: ফাইল

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৬ | ০৮:০৫

| প্রিন্ট সংস্করণ

বকেয়া বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পল্লী বিদ্যুতের কর্মচারীরা। হালুয়াঘাট উপজেলায় ভুবনকুড়া ইউনিয়নের বাঘাইতলা এলাকায় গত রোববার এই ঘটনা ঘটে। পরে একজনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর আওতাধীন ভুবনকুড়া ইউনিয়নের বাঘাইতলা এলাকার বাসিন্দা আবু বকর সিদ্দিক প্রায় সাত মাস ধরে বিদ্যুৎ বিল পরিশোধ করছেন না। একাধিকবার নোটিশ দেওয়া হলেও তিনি বিল পরিশোধে কোনো পদক্ষেপ নেননি। ফলে গত রোববার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা বকেয়া বিলের কারণে তাঁর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় তিনি দা নিয়ে কর্মচারীদের ওপর হামলার চেষ্টা করেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। শুধু তাই নয়, সংযোগ বিচ্ছিন্ন করার পর তিনি কর্মচারীদের আটকে রাখেন বলেও অভিযোগ রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটকে পড়া কর্মচারীদের উদ্ধার করে। এই ঘটনায় অভিযুক্ত আবু বকর সিদ্দিককে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর হালুয়াঘাট জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মাহমুদুল হাসান মুন্না। তিনি জানান, দুঃখজনক একটি ঘটনা। সাত মাস ধরে বকেয়া বিদ্যুৎ বিল। গত রোববার তাঁর প্রতিনিধি দল সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে হামলার ঘটনা ঘটে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। তদন্ত শেষে মামলা করা হবে।
 

আরও পড়ুন

×