ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় বিক্ষোভ, সড়ক অবরোধ

শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় বিক্ষোভ, সড়ক অবরোধ
×

সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি দাবিতে থানা ঘেরাও, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন স্থানীয়রা। বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৫ মে ২০২৬ | ১৮:২৩

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে মানুষ। অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবিতে থানা ঘেরাও, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ড এলাকায় প্রায় এক ঘণ্টা অবরোধ কর্মসূচি পালিত হয়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটে জনভোগান্তি দেখা দেয়।

অভিযুক্ত ইদ্রিস আলীর বাড়ি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার হলুদ বিহার এলাকায়। তিনি ব্র্যাকের দুপচাঁচিয়া শাখার সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা, বর্তমানে ধাপ-সুখানগাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুপচাঁচিয়া পৌর এলাকার ধাপ-সুখানগাড়ী মহল্লায় এ ঘটনা ঘটে। উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী নিয়মিত পড়াশোনার জন্য স্থানীয় এক গৃহশিক্ষিকার কাছে যেত। ঘটনার দিন গৃহশিক্ষিকা বাড়িতে ছিলেন না। এ সুযোগে ওই বাড়ির ভাড়াটিয়া ইদ্রিস আলী (৬০) শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে।

ঘটনার পরপরই শিশুটির বাবা বাদী হয়ে রাতে থানায় মামলা করেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত ইদ্রিস আলীকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার সকালে স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ একত্রিত হয়ে থানায় অবস্থান নেন। তারা অভিযুক্তের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এলাকায় জড়ো হন এবং বগুড়া-নওগাঁ মহাসড়ক অবরোধ করেন। এ সময় তারা অভিযুক্ত ইদ্রিস আলীর দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি করেন। এ সময় পুলিশ এসে বিচারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজমিলুর রহমান জানান, ‘ঘটনার পরই আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। দ্রুত বিচার আইনে তার শাস্তি নিশ্চিতের আশ্বাস দেওয়া হয়েছে।’

আরও পড়ুন

×