ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা
ফাইল ছবি
ফরিদপুর অফিস
প্রকাশ: ০৬ মে ২০২৬ | ১৭:০৯
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ওই গৃহবধূর নাম নিলুফা বেগম (৫০)। তিনি পৌরসভার ছোলনা গ্রামের আরব আলীর স্ত্রী।
এ ঘটনায় স্ত্রীকে উদ্ধার করতে গিয়ে তার স্বামীও আহত হয়েছেন। বর্তমানে তিনি বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার সকাল পৌনে ৯টার দিকে পৌরসভার ছোলনা-কুশডাঙ্গা অরক্ষিত রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পূর্বে রেল সড়কের পাশ দিয়ে দৌড়াচ্ছিলেন নিলুফা বেগম। এ সময় কুশডাঙ্গা রেলগেট সংলগ্ন আজিজারের দোকানের সামনে এলে গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের নিচে ঝাঁপিয়ে পড়েন তিনি। পেছন থেকে চিৎকার করতে করতে ছুটে আসা স্বামী আরব আলী তাঁকে উদ্ধারের জন্য চেষ্টা করে ব্যর্থ হন।
ট্রেনের সাথে ধাক্কা খেয়ে হাত ও মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় নিলুফা বেগমের।
ট্রেন অতিক্রম করলে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূকে মৃত ঘোষণা করেন। স্বামী আরব আলী স্ত্রীকে উদ্ধার করতে গিয়ে নিজেও আহত হয়েছেন। বর্তমানে তিনি বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের कर्तव्यরত চিকিৎসক ডা. সিঞ্চন সাহা বলেন, গৃহবধূ নিলুফা বেগমকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর হাত-মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কেটে ও থেঁতলে গিয়ে রক্তক্ষরণে মৃত্যু হয়েছে তাঁর।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। তারা এসে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
