মাছ চুরির সন্দেহে মারধর কমিটির অফিসে লাশ
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ মে ২০২৬ | ০৮:২৫
| প্রিন্ট সংস্করণ
মানিকগঞ্জের তরা বিল্টু স্মৃতি হাটে মাছ চুরির অপরাধে এক যুবককে নির্যাতন করে আটকে রাখা হয়। গতকাল বুধবার দুপুরে তরা মাছ ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির কার্যালয় থেকে পুলিশ কৃষ্ণ রাজবংশী (৩৫) নামে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। কৃষ্ণ রাজবংশী মানিকগঞ্জ সদর উপজেলা পৌরসভার বান্দুটিয়া মাঝিপাড়া এলাকার ক্ষুদিরাম রাজবংশীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তরা মাছের আড়ত থেকে মাছ চুরির অভিযোগে সকালে কৃষ্ণ রাজবংশীসহ দুজনকে আটক করে বাজার ব্যবস্থাপনা কমিটির লোকজন। পরে তাদের মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হলেও কৃষ্ণ রাজবংশীকে মারধর করে কমিটির কার্যালয়ে আটকে রাখা হয়। সকাল থেকে দুপুরের মধ্যে কোনো একসময় কৃষ্ণ রাজবংশী কার্যালয়ের ভেতরে ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে বাজার কমিটির কয়েকজন সদস্য মরদেহটি দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে স্থানীয়দের বাধার মুখে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয় যুবক রেদওয়ান মামুন বলেন, মাছ চুরির অপরাধে দুজনকে আটক করা হয়েছিল। সকাল ১০টার দিকে বাজার ব্যবস্থাপনা সভাপতি মো: ইব্রাহিমের জিম্মায় একজনকে ছেড়ে দেওয়া হলেও কৃষ্ণকে মারধর করে অফিসে আটকে রাখা হয়। পরে দুপুরের দিকে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। বাজার ব্যবস্থাপনা কমিটির লোকজন কৃষ্ণকে হাসপাতালে নেওয়ার কথা বলে সরিয়ে ফেলার চেষ্টা করেন। আমরা স্থানীয় লোকজন বাধা দিলে বাজার ব্যবস্থাপনা কমিটির লোকজন চলে যান। পরে পুলিশ এসে সন্ধ্যার দিকে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
তরা বিল্টু স্মৃতি বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক বেলাল হোসেন জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে দুজন মাছ চোর ধরা পড়ার খবর শুনেছি। পরে শুনেছি, তাদের অভিভাবকরা এসে তাদের নিয়ে যাবেন। পরে জানলাম, একজনকে ছেড়ে দেওয়া হলেও আরেকজনকে আটকে রাখা হয়েছিল। পরে সে আত্মহত্যা করেছে। আমি এ বিষয়ে আর কিছু জানি না।
মানিকগঞ্জ সদর থানার ওসি ইকরাম হোসেন জানান, সন্ধ্যার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে আত্মহত্যা না নির্যাতনে মৃত্যু হয়েছে।
- বিষয় :
- চুরির অভিযোগ
