ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দায়িত্বে অবহেলার অভিযোগে ছয় পুলিশ সদস্য ক্লোজড

দায়িত্বে অবহেলার অভিযোগে ছয় পুলিশ সদস্য ক্লোজড
×

 নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ০৮ মে ২০২৬ | ০৭:৫২

| প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইরে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ছয় পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা দুটি মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

চাঁদার দাবিতে গত বুধবার সদর উপজেলার কাশিপুরের হাশেম বাগ এলাকায় সাবেক পুলিশ সদস্য সোলায়মান মিয়ার বাড়ি দখলের চেষ্টা করে এলাকার চিহ্নিত সন্ত্রাসী তসলিম ও জনির গ্রুপ। খবর পেয়ে পুলিশ গিয়ে পাঁচজনকে আটক করে। তখন সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নেয়।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ফতুল্লা থানার এস আই আবুল বাশার, এ এস আই আশিকুর রহমান ও চার কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, আসামি ছিনিয়ে নেওয়ার সময় ওই পুলিশ সদস্যরা বাধা দেননি। তাদের কাছে অস্ত্র ছিল। তারা গুলি করতে পারতেন। কিন্তু তা করেননি। এ কারণে দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের ক্লোজ করা হয়েছে। 

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি জানান, আসামিদের ছিনিয়ে নিতে পুলিশের ওপর কোনো হামলা চালানো হয়নি। ধারালো অস্ত্র নিয়ে বিপুলসংখ্যক সন্ত্রাসীরা এসে আটকদের ছিনিয়ে নিয়ে যায়। আমাদের পুলিশ দলটি তাদের বাধা দেয়নি। এদের মধ্যে দুইজনের হাতে একটি হাতকড়া ছিল। যেটি পরে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। 
ফতুল্লা থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম জানান, এ ঘটনায় দুইটি মামলা হয়েছে। চাঁদা দাবির অভিযোগে চিহ্নিত সন্ত্রাসী মোহাম্মদ জনি, ডেভিড, আব্দুল্লাহ, আজাদ, কামাল, আকাশ ও ভাগিনা রাসেলকে আসামি করে একটি মামলা হয়েছে। এ মামলায় জনিকে গ্রেপ্তার করা হয়েছে। 

আরও পড়ুন

×