দ্বিতীয় পাঠাগার উৎসবে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ
রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুরে রাবেয়া-কাদের স্মৃতি ফাউন্ডেশনেরর উদ্যোগে দ্বিতীয় পাঠাগার উৎসবে শিশুসহ অতিথিরা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২৬ | ১৮:৪৭
আলোকিত, সৃষ্টিশীল ও বিজ্ঞানমনস্ক নতুন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় পাঠাগার উৎসব। শুক্রবার দিনব্যাপী সদর উপজেলার রামকান্তপুরে অবস্থিত রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগার ও রাবেয়া-কাদের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়। সকালে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন অতিথিরা। এরপর থেকেই শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো পাঠাগার প্রাঙ্গণ। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী দিনব্যাপী নানা প্রতিযোগিতা ও সৃজনশীল কার্যক্রমে অংশ নেয়।
উৎসবে চিত্রাঙ্কন, রচনা, তথ্য ও প্রযুক্তি, শ্রুতিলিখন, প্রিয় বই নিয়ে লেখা এবং দেয়াল পত্রিকা প্রদর্শনী প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য চলচ্চিত্র ও ফাউন্ডেশনের তথ্যচিত্র প্রদর্শন করা হয়। বিকেলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক রেজভী জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা, সুহৃদ সমাবেশের সাবেক সভাপতি কমল কান্তি সরকার, কবি খোকন মাহমুদসহ অনেকে।
বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে জ্ঞানভিত্তিক, মানবিক ও বিজ্ঞানমনস্ক নাগরিক হিসেবে গড়ে তুলতে বই পড়ার কোনো বিকল্প নেই। পাঠাগার শুধু বই পড়ার স্থান নয়, এটি মুক্তচিন্তা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ চর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রযুক্তির অপব্যবহার থেকে তরুণ প্রজন্মকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পরিবার ও সমাজকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, এ ধরনের পাঠাগার উৎসব শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি সংস্কৃতি ও সৃজনশীল চর্চায় উৎসাহ জোগায়।
দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে রাজবাড়ী ও ঢাকার শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান, আবৃত্তি ও নৃত্যে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।
- বিষয় :
- রাজবাড়ী
