ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কাজে আসছে না ৩০ কোটি টাকার সেতু

কাজে আসছে না ৩০ কোটি টাকার সেতু
×

ঘিওরে কালীগঙ্গা নদীর ওপর নির্মিত সেতুর দুই পাশে অ্যাপ্রোচ সড়কের দাবিতে মানববন্ধন সমকাল

মানিকগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ০৯ মে ২০২৬ | ০৭:৪৬

| প্রিন্ট সংস্করণ

মানিকগঞ্জের ঘিওরে কালীগঙ্গা নদীর ওপর নির্মিত সেতুর দুই পাশে অ্যাপ্রোচ সড়কের কাজ দ্রুত শুরু করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার সিংজুরী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন হয়। এতে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

জানা গেছে, দুই বছর আগে কালীগঙ্গা নদীতে একটি গার্ডার ব্রিজ নির্মাণ হয়। কিন্তু সংযোগ সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণে জটিলতার কারণে সেতুটি ব্যবহার করা যাচ্ছে না। কয়েক মাস আগে সংযোগ সড়ক নির্মাণের জন্য ঠিকাদারের সঙ্গে চুক্তি করে স্থানীয় প্রকৌশল অধিদপ্তর। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান সড়ক নির্মাণ কাজ সেভাবে শুরু করতে পারেনি। এতে ক্ষুব্ধ ওই এলাকার মানুষজন। 
সিংজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য মো. আকতার হোসেন মণ্ডল, মো. রফিকুল ইসলাম, রাজিয়া বেগম, কলেজ শিক্ষার্থী শহীদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, সেতু নির্মাণের দীর্ঘ সময় পার হলেও এখনও দুই পাশে অ্যাপ্রোচ সড়কের কাজ শুরুই হয়নি। ফলে স্থানীয় বাসিন্দারা এ সেতু ব্যবহার করতে পারছেন না। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অ্যাপ্রোচ সড়ক না থাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। দ্রুত এই সংযোগ সড়কের নির্মাণ কাজ শুরু ও শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
এ বিষয়ে ঘিওর উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ৩৪ কোটি টাকা ব্যয়ে কালীগঙ্গা নদীর ওপর ৩৬৫ মিটার গার্ডার ব্রিজ নির্মাণ শেষ হয় ২০২৪ সালে। কিন্তু সেতুর সংযোগ সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণের জটিলতার কারণে সেতুটি জনগণের ব্যবহারের উপযোগী করা সম্ভব হয়নি। জমি অধিগ্রহণের প্রক্রিয়া শেষ হওয়ার পর কয়েক মাস আগে ১০ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে সেতুর অ্যাপ্রোচ সড়ক নির্মাণ কাজ শুরু হয়েছে। কাজটি অনেক বড়, তাই সংযোগ সড়ক নির্মাণ হতে এক বছর সময় লাগবে। ঠিকাদার প্রতিষ্ঠানের সত্বাধিকারী রফিকুল ইসলাম বলেন মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে   অ্যাপ্রোচ ড়কের কাজ শুরু হয়েছে। আশা করি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে।

আরও পড়ুন

×