লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩০
লোহাগাড়া চুনতির ফোর সিজন রেস্টুরেন্ট-সংলগ্ন এলাকায় বাস দুর্ঘটনা ঘটে। ছবি: সমকাল
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৬ | ২১:৫২ | আপডেট: ০৯ মে ২০২৬ | ২১:৫৩
চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে মরছা পরিবহন নামের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার চুনতির ফোর সিজন রেস্টুরেন্ট–সংলগ্ন এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে একজনের ঘটনাস্থলে মৃত্যু হয়। তার নাম মাসুম বলে জানা গেছে। অন্যজনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম নাইমুল ইসলাম জিহাদ।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মারছা পরিবহনের দ্রুতগতির বাস দুটির একটি চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাচ্ছিল। অন্যটি কক্সবাজার থেকে যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। লোহাগাড়ার চুনতি এলাকায় বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পূর্ব পাশে থাকা একটি গাছে ধাক্কা খায়। অন্য বাসটি মহাসড়কের পশ্চিম পাশে থাকা একটি দোকানে ঢুকে যায়। এ সময় মালামালের ক্ষতি হলেও দোকানের ভেতরে থাকা কেউ হতাহত হননি।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে একটি লাশ উদ্ধার করি। এ ছাড়া ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, আরও বেশ কিছু যাত্রী আহত হয়েছেন। তাদের বাসিন্দারা স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন।
লোহাগাড়ার চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্বাস আলী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, নিহতরা ঝিনাইদহ জেলার বাসিন্দা। দুর্ঘটনায় ৩০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন।
- বিষয় :
- চট্টগ্রাম
- বাস দুর্ঘটনা
