জুলাই সনদ নিয়ে সরকার জাতিকে বিভ্রান্ত করছে: গোলাম পারওয়ার
পঞ্চগড়ে শ্রমিক সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ার। ছবি: সমকাল
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৬ | ২২:০৭ | আপডেট: ০৯ মে ২০২৬ | ২২:০৮
জুলাই সনদ নিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। সরকারের এ অবস্থানকে দ্বিচারিতা ও প্রতারণার শামিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ শনিবার সকালে পঞ্চগড়ে শ্রমিক সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নে উত্তরে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, প্রবাদ আছে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। এখন তা বাস্তবে দেখছি। বিএনপি ক্ষমতায় গিয়ে সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তাই, ৭০ ভাগ জনমতকে উপেক্ষা করে প্রতারণায় মেতে উঠেছে। তারা শুধু দেশবাসীর সঙ্গেই প্রতারণা করছে না, বরং নিজের সঙ্গেও করছে। কারণ, নির্বাচনের আগে তারা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে এবং ভোটও দিয়েছে। এখন তা মানছে না। এটাই মহা প্রতারণা।
জামায়াত সেক্রেটারি বলেন, আমরা সরকারের উন্নয়ন কার্যক্রমের বিরোধিতা বা আপত্তি করি না। বরং উৎসাহিত করি। কিন্তু উন্নয়নের ক্ষেত্রে আঞ্চলিকতা বা সরকার দলীয় এমপিকে প্রাধান্য দেওয়াকে গ্রহণযোগ্য মনে করি না। বরং ন্যায্যতা ও সাম্যতার ভিত্তিতে উন্নয়ন করতে হবে। সরকার এক্ষেত্রেও চরম বৈষম্য শুরু করেছে। বিএনপির নির্বাচিত তাই একটা এলাকায় একাধারে সিটি করপোরেশন, নতুন উপজেলা সৃষ্টি, বিশ্ববিদ্যালয় স্থাপন, আন্তর্জাতিক বিমানবন্দর করা হচ্ছে। অথচ সার্বিক গুরুত্ব বিবেচনা করে এসব উন্নয়ন ভিন্ন ভিন্ন স্থানে হওয়া উচিত। সেই ধারাবাহিকতায় সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করা যৌক্তিক। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এতে উত্তরাঞ্চলের আর্থ সামাজিক ক্ষেত্রে প্রকৃত উন্নয়ন সাধিত হবে। যা অবহেলিত বৃহত্তর রংপুর দিনাজপুর এলাকাকে সমৃদ্ধ করবে। এটাই এ অঞ্চলের জনগণের দীর্ঘদিনের দাবি এবং অধিকারও বটে।
গোলাম পারওয়ারের সফর সঙ্গী হিসেবে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান ও সহ-সভাপতি গোলাম রব্বানী।
বিমানবন্দরে তাদের ফুলেল শুভেচ্ছা জানান, নীলফামারী-৪ আসনের এমপি হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনিরুজ্জামান জুয়েল। পরে তারা সড়কপথে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওয়ানা হন।
এসময় জামায়াতের সৈয়দপুর উপজেলা আমীর শফিকুল ইসলাম, সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম, শহর আমীর শরফুদ্দিন খান, সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সৈয়দপুর শহর সভাপতি আব্দুল মোমিনসহ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- নীলফামারী
