ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
ছবি: সমকাল
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ১০ মে ২০২৬ | ১৭:২১
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি রোলার গাড়ির সঙ্গে ধাক্কা দিলে রুমানা বেগম নামে এক নারী নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।
রোববার সকাল ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের উড়শিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুমানা কসবা উপজেলার তেতুইয়া গ্রামের বাবরু মিয়ার মেয়ে। আহতরা হলেন— সদর উপজেলার কাছাইট গ্রামের আবু সামা মুন্সীর ছেলে মো. তৌহিন, কসবা উপজেলার আলীনগর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম, একই উপজেলার হালিমা বেগম এবং কুমিল্লার দেবিদ্বার উপজেলার পঙ্কজ চক্রবর্তী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কসবা উপজেলা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে যাচ্ছিল। পথে উড়শিউড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় অটোরিকশাটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি রোলার গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এতে অটোরিকশার পাঁচ যাত্রী আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুমানা বেগম মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের বলেন, ‘অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রোলার গাড়ির সাথে ধাক্কা লেগে এক নারী নিহত হয়েছে। চারজন হাসপাতালে চিকিৎসাধীন।
- বিষয় :
- দুর্ঘটনা
- নিহত
- ব্রাহ্মণবাড়িয়া
