দুদকের গণশুনানি ঘিরে সক্রিয় প্রতারক চক্র, আটক ১
সংগৃহীত
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১০ মে ২০২৬ | ১৮:৫৪
গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। দুদকের সোর্স পরিচয়ে প্রতারণার অভিযোগে জাফরুল্লাহ (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ রোববার সকালে গাইবান্ধা জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিস থেকে তাঁকে আটক করা হয়।
জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিস সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার (১১ মে) গাইবান্ধায় দুদকের গণশুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আজ সকালে জাফরুল্লাহ নামের ওই ব্যক্তি অ্যাকাউন্টস অফিসে গিয়ে নিজেকে দুদকের সোর্স পরিচয় দেন। তিনি অফিসের অডিটর কৌশিকের খোঁজ করেন এবং অফিস সহায়ক লিমার কাছ থেকে তাঁর মোবাইল নম্বর সংগ্রহ করেন। পরে অডিটর কৌশিককে অফিসের বাইরে ডেকে নেন এবং দুদকের কর্মকর্তা পরিচয়দানকারী এক ব্যক্তির সঙ্গে মোবাইলে কথা বলিয়ে দেন। ফোনে থাকা ওই ব্যক্তি কৌশিককে জানান, তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে এবং বিষয়টি ‘সমাধান’ করতে হলে জাফরুল্লাহর সঙ্গে কথা বলতে হবে।
বিষয়টি সন্দেহজনক মনে হলে অফিসের কর্মকর্তারা জাফরুল্লাহকে পুনরায় অফিসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি নিজের পরিচয় নিয়ে একেকবার একেক ধরনের তথ্য দেন। কখনো নিজেকে রংপুর, আবার কখনো দিনাজপুরের বাসিন্দা বলে দাবি করেন। পরে তাঁর জাতীয় পরিচয়পত্র যাচাই করে জানা যায়, তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার বড় গাঁ গ্রামের বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার খন্দকার মাহাতাব আলী বলেন, ‘প্রথমে আমরা বিষয়টি বুঝতে পারিনি। পরে তাঁর কথাবার্তায় অসঙ্গতি দেখে সন্দেহ হয়। এরপর জেলা প্রশাসক, পুলিশ ও দুদকের কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়।’
খবর পেয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহকারী পরিচালক একেএম নুর আলম সিদ্দিক ঘটনাস্থলে এসে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আগামীকাল গাইবান্ধায় দুদকের গণশুনানি অনুষ্ঠিত হবে। এই আয়োজনকে কেন্দ্র করে একটি চক্র অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি দুদকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘দুদকের সোর্স পরিচয় দেওয়া জাফরুল্লাহ নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
- বিষয় :
- গাইবান্ধা
