ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

পে স্কেল বাস্তবায়নের দাবিতে ট্যানারি শ্রমিকদের কর্মবিরতি

পে স্কেল বাস্তবায়নের দাবিতে ট্যানারি শ্রমিকদের কর্মবিরতি
×

ছবি: সমকাল

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ১১ মে ২০২৬ | ২২:১২

সাভারের হেমায়েতপুরের হরিণধরায় অবস্থিত বিসিক চামড়া শিল্পনগরীর ট্যানারি শ্রমিকরা সরকার ঘোষিত পে স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছেন। সোমবার দুপুরে চামড়া শিল্পনগরীর বিভিন্ন ট্যানারির শ্রমিকরা এপেক্স ট্যানারির সামনের মূল ফটকে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন।

কর্মবিরতি পালনকারী শ্রমিকরা জানান, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮০০১ টাকা উল্লেখপূর্বক বেতন কাঠামোকে পাঁচটি গ্রেডে বিভক্ত করে চামড়া শিল্পনগরী পে স্কেল ঘোষণা করা হয়। এরপর থেকে বেশ কয়েকবার ওই পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্ট অ্যাসোসিয়েশন, ট্যানারি ওয়ার্কার ইউনিয়ন, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন এবং ট্যানারি মালিকপক্ষের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।

বিক্ষুব্ধ শ্রমিকরা আরও জানান, গত ৮ এপ্রিল শ্রমিক ও মালিকপক্ষ একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করে। তাতে বেতন কাঠামোকে পাঁচটি গ্রেডে রেখে সর্বনিম্ন মজুরি ১৮০০১ টাকা মেনে নিয়ে তা ২০২৪ সাল থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এখনও সেই বেতন কাঠামো কার্যকর হয়নি। এরই প্রতিবাদে সোমবার বিভিন্ন ট্যানারির দুই শতাধিক সাধারণ শ্রমিক কর্মবিরতি পালন করেন। 

শ্রমিকরা জানান, সামনে কোরবানি ঈদ। অবিলম্বে সরকার ঘোষিত পে স্কেল বাস্তবায়ন করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা। একটি ট্যানারির শ্রমিক হোসনেয়ারা বেগম বলেন, ‘ট্যানারিতে কাজ করা যে কত কষ্টকর, তা ট্যানারির শ্রমিক ছাড়া অন্যরা বুঝবে না। সারাদিন দুর্গন্ধের মধ্যে আমাদের কাজ করতে হয়। আমরা সবচেয়ে মানবেতর জীবনযাপন করি। এরপরও যদি সঠিক পারিশ্রমিক না পাই, তাহলে আমরা কোথায় যাব। আমরা সরকার ঘোষিত পারিশ্রমিক চাই।  

আরও পড়ুন

×