শ্রীপুরে পাওনা টাকা চাওয়ায় দোকানে ভাঙচুর-গুলির অভিযোগ, আহত ৫
ছবি : সংগৃহীত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২৬ | ০০:২৩ | আপডেট: ১৩ মে ২০২৬ | ০০:২৫
গাজীপুরের শ্রীপুরে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে দোকানে ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের হাজী কাছম আলী ফকির সুপার মার্কেটের নিউ জামালপুর গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম ফেক্সিকেটর নামের দোকানের এ ঘটনা ঘটে।
দোকান মালিক ফয়সাল আহমেদ অভিযোগ করেন, কেওয়া গ্রামের নুরু কসাইয়ের ছেলে রানা ভাণ্ডারি বিভিন্ন সময় তার দোকান থেকে জিনিসপত্র কিনে নিতেন। কিছু টাকা বকেয়া পাওনা রয়েছে রানার কাছে। মঙ্গলবার বিকেলে থাই গ্লাস নিতে আসলে ৪২ হাজার টাকা চাওয়া হলে উত্তেজিত হয়ে দোকানের কর্মচারী শ্যামলকে মারধর করেন। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন।
তিনি অভিযোগ করেন, রাত ৮টার দিকে রানা ভাণ্ডারি ও তার ভাই মামুনের নেতৃত্বে ৩০/৪০ জন একত্রিত হয়ে দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এসময় তাদের বাধা দিতে গেলে মার্কেট মালিক কামাল ফকির ও তার ভাগনে সিয়াম, দোকানের ম্যানেজার শাহিন ও শান্ত আহত হন। এসময় দোকান মালিক ফয়সালকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়েন রানা। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। তবে এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা গুলির খোসা উদ্ধার করে পুলিশের কাছে দিয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
