খাগড়াছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু
ছবি: সমকাল
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২৬ | ১৬:৩৯
খাগড়াছড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিশু ত্রিপুরা (১২) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার সহপাঠী বিনয় ত্রিপুরা। মঙ্গলবার সন্ধ্যায় খাগড়াছড়ির দিঘীনালা সড়কের ৯ মাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিশু স্থানীয় বাসিন্দা সুপেন ত্রিপুরার ছেলে। সে ৯ মাইল জুনিয়র স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মিশু ও তার বন্ধু বিনয় একটি আম গাছে উঠে আম পাড়ছিল। এ সময় গাছের পাশ দিয়ে বয়ে যাওয়া একটি তারে দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে মিশু গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। আহত বিনয় ত্রিপুরাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
