পাহাড়ি ঢলে চা বাগানের সড়ক ও সেতুর ব্যাপক ক্ষতি
পাহাড়ি ঢলে মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের ২০ নম্বর গ্রামের অদূরে আমতলী এলাকায় নির্মাণাধীন সেতুর সংযোগ সড়ক ভেসে গেছে। বৃহস্পতিবার তোলা সমকাল
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২৬ | ০৮:১৮
| প্রিন্ট সংস্করণ
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগান এলাকায় বিভিন্ন সড়ক, স্থাপনা ও সেতুর ব্যাপক ক্ষতি হয়েছে। বাগান এলাকার একাধিক ছোট সেতু ও কালভার্ট বিধ্বস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় রাস্তা ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চা শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
চা শ্রমিকদের ভাষ্য, গত কয়েক দিনের ভারী বর্ষণে পাহাড়ি ঢলের সৃষ্টি হলে সুরমা চা বাগানের বিভিন্ন এলাকায় মাটি ধস হয়েছে। পাশাপাশি বাগানের ভেতর দিয়ে বয়ে যাওয়া ছড়ার পার ভেঙে পড়েছে, বাগানের চা গাছ ও আবাদি জমিরও ব্যাপক ক্ষতি হয়েছে। ঢলের কারণে সাতছড়ি ছড়া থেকে ১০ নম্বর মালডুবা এলাকা পর্যন্ত বিস্তৃীর্ণ অংশ ছড়ার গর্ভে বিলীন হয়ে গেছে। এতে রাস্তাঘাটের পাশাপাশি মাহঝিল এলাকায় ছোট সেতুটি ধসে পড়েছে। এ ছাড়া সুরমা চা বাগানের তিন বাংলার সামনে থাকা আরও দুটি ছোট সেতুও ভেঙে গেছে। এতে এলাকার মানুষজনের চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। বাগানের শ্রমিকদের দৈনন্দিন যাতায়াতেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভারী বৃষ্টি ও ঢলের কারণে সুরমা বাগানে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর সংযোগ সড়কের মাটি ভেসে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে।
২০ নম্বর গ্রামের বাসিন্দা টিংকু সাঁওতাল বলেন, গত পাঁচ বছর ধরে ধীরগতিতে সেতুটির কাজ করা হয়। নির্মাণকাজ প্রায় সম্পন্ন হওয়ায় এক মাসের মধ্যে সেতু চালু করার পরিকল্পনা ছিল। কিন্তু পাহাড়ি ঢলে সংযোগ সড়ক ভেঙে বিশাল গর্ত হয়ে গেছে। শিগগিরই সেতুটি চালু করা সম্ভব হবে না। দ্রুত স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা না হলে এবং ভারী বৃষ্টি অব্যাহত থাকলে আরও বড় ধরনের ক্ষতি হতে পারে।
সুরমা চা বাগানের বাসিন্দা বিশ্বনাথ তাঁতী বলেন, এবারের পাহাড়ি ঢলে সাতছড়ি টিপড়া বসতি সেতু, মাহঝিল ছোট কালভার্টসহ বাগানের অন্তত চারটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সুরমা চা বাগানের ম্যানেজার বাবুল সরকার বলেন, বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে বাগানের বিভিন্ন স্থাপনা, সড়ক ও সেতুর ব্যাপক ক্ষতি হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
- বিষয় :
- সেতু
