ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফতুল্লায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা, পলাতক বড় ভাই

ফতুল্লায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা, পলাতক বড় ভাই
×

নিহত মো. মোহন। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৬ | ১৬:৫২

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে ছোটভাইকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বড়ভাই পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার সকাল ছয়টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ চট্টলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মো. মোহন (৩২) ফতুল্লার ওই এলাকার বাবুল মিয়ার ছেলে। অভিযুক্ত বড়ভাই উজ্জ্বল (৩৪) মাদকাসক্ত ছিলেন বলে জানান প্রতিবেশীরা।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে এ পরিবারটিতে গত কয়েকদিন ধরেই ঝগড়া-বিবাদ চলছিল। শুক্রবার সকালে ঝগড়ার এক পর্যায়ে বড়ভাই ছোটভাইকে ধারালো বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।

ওসি মাহবুব জানান, পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লার ওসি মাহাবুব আলম বলেন, পারিবারিক কলহের জেরে এ খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×