আশুগঞ্জে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২৬ | ২১:১২ | আপডেট: ১৫ মে ২০২৬ | ২১:১৪
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মালবাহী ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার আশুগঞ্জের সোনারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের আলকাছ মিয়ার ছেলে জিয়াউল আমীন (২৫) এবং একই এলাকার শাহেদ আলীর ছেলে শাহ আলম (৩০)। জিয়াউল আমীন সৌদি আরব এবং শাহ আলম সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ছিলেন এবং ছুটিতে তারা দেশে ছিলেন। ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।
হাইওয়ে পুলিশ জানায়, জিয়াউল আমীন ও শাহ আলম মোটরসাইকেলে করে আশুগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকায় পৌঁছালে সিলেটগামী একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান বলেন, ‘নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মোটরযান আইনে অজ্ঞাত চালকের নামে মামলা দায়ের করা হবে।’
