ছাত্রদের ডিমের টাকা ভাগাভাগির আলাপ
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২৬ | ০৮:০৬
| প্রিন্ট সংস্করণ
পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং ডিমের বরাদ্দ ভাগাভাগি নিয়ে ঠিকাদারের সঙ্গে দুটি বিদ্যালয়ের শিক্ষকের আলাপচারিতা সামাজিক মাধ্যমে ছড়িয়ে (ভাইরাল) পড়েছে। গত মঙ্গলবার বিষয়টি জানাজানি হলেও ঘটনাটি গত ১০ মে’র বলে জানা গেছে। এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের গঠিত কমিটি তদন্ত শুরু করেছে।
৯ মিনিট ৫৬ সেকেন্ডের ওই ভিডিওটি উপজেলার ৫৬ নম্বর মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে ধারণ করা। এতে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. নাসির উদ্দীন ও ৬৫ নম্বর সূর্যমনি নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. হাবিবুর রহমানের সঙ্গে স্কুল ফিডিং কর্মসূচির খাবার সরবরাহকারী ভোলার বেসরকারি প্রতিষ্ঠান গ্রামীণ উন্নয়নের ঠিকাদার নুরুন্নবীসহ কয়েকজনকে দেখা যায়।
ভিডিওর শুরুতেই দুই প্রধান শিক্ষককে ধূমপান করতে দেখা যায়। এ সময় ঠিকাদার নুরুন্নবী শিডিউল অনুযায়ী সরবরাহ ও ডিম বণ্টন নিয়ে কথা বলছিলেন। এক পর্যায়ে ১২ হাজার ছাত্রের জন্য ১৮ হাজার ডিমের বরাদ্দ ও ব্যবহার নিয়ে নানা হিসাব-নিকাশ করেন তারা। এতে দুই শিক্ষক অতিরিক্ত ছয় হাজার ডিম বা সমপরিমাণ ডিমের টাকা কীভাবে ভাগ করবেন, এ নিয়ে আলোচনা করেন। শিক্ষকরা ঠিকাদারের সঙ্গে বিষয়টি নিয়ে সমন্বয়ের প্রস্তাব দেন। ঠিকাদার শিডিউল অনুযায়ী কাজ করার পক্ষে অবস্থান নেন। তিনি নিয়মবহির্ভূত কোনো কাজে জড়াতে অনাগ্রহী ছিলেন।
এ বিষয়ে ৫৬ নম্বর মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দীনের বক্তব্য পাওয়া যায়নি। ৬৫ নম্বর সূর্যমনি নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. হাবিবুর রহমানের দাবি, ছড়িয়ে পড়া ভিডিওতে তাদের কথোপকথনকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। এ বিষয়টি তদন্তাধীন জানিয়ে আর মন্তব্য করতে চাননি তিনি।
ঠিকাদার নুরুন্নবীর সঙ্গে কয়েক দফায় চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনসুর হেলাল বলেন, জেলা শিক্ষা অফিস এ বিষয়ে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তারা প্রাথমিক তদন্ত করেছেন। বিস্তারিত তদন্ত চলছে।
মঠবাড়িয়ার ইউএনও আকলিমা আক্তার ভিডিওটি দেখেছেন জানিয়ে বলেন, জেলা পর্যায়ের তদন্ত দল ইতোমধ্যে ঘটনাটি তদন্ত শুরু করেছে।
- বিষয় :
- টাকা আত্মসাৎ
