ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ১৬ মে ২০২৬ | ০৮:৫৭ | আপডেট: ১৬ মে ২০২৬ | ১০:৪৫
| প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহের ফুলপুরে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে খড় শুকাতে গেলে রূপসী ইউনিয়নের ভাট্টা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– ভাট্টা গ্রামের বাসিন্দা তাজউদ্দিন এবং আরশব আলী।
জানা গেছে, তাজউদ্দিন বাড়ির পাশে নিজ আঙিনায় খড় শুকানোর কাজ করছিলেন। আগের ঝোড়ো বাতাসে বিদ্যুতের একটি তার ছিঁড়ে খড়ের নিচে চাপা পড়ে ছিল, যা তাঁর জানা ছিল না। কাজ করার সময় অসাবধানতাবশত তিনি ওই তারের সংস্পর্শে আসতেই বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় মাঠের দিকে যাচ্ছিলেন প্রতিবেশী আরশব আলী। তাজউদ্দিনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁকে উদ্ধার করতে এগিয়ে যান তিনি। তাঁকে স্পর্শ করা মাত্রই আরশব আলীও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ফুলপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, লাশ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের স্বজনের সঙ্গে কথা বলা হচ্ছে। তাদের কোনো অভিযোগ থাকলে সেই অনুযায়ী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
- বিষয় :
- কৃষক
- বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত
- ময়মনসিংহ
