ভবদহ জলাবদ্ধতামুক্ত করা আমাদের রাজনৈতিক অঙ্গীকার: প্রতিমন্ত্রী অমিত
ছবি: সমকাল
যশোর অফিস
প্রকাশ: ১৬ মে ২০২৬ | ১৪:৪৭
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ভবদহ অঞ্চলের মানুষকে জলাবদ্ধতামুক্ত করা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। ফ্যাসিস্ট সরকারের আমলে ভবদহ সমস্যা সমাধানের জন্য অর্থ বরাদ্দ হয়েছে। সেই অর্থ লুটপাট হয়েছে সমস্যার কোনও সমাধান হয়নি। যে কারণে জনগণের আস্থার সংকট রয়েছে। কাজের মাধ্যমে জনগণের আস্থার সংকট দূর করতে চাই।
শনিবার দুপুরে যশোর জেলা শিল্পকলা একাডেমিতে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর পানি উন্নয়ন বোর্ড এবং ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং কর্মশালাটির আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, আমি নিজে ভবদহ সমস্যা প্রত্যক্ষ করেছি। সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও কথা বলেছি। ২০০১ সালে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর টি আর এম প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ভবদহপাড়ের মানুষকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করেছিল। ভুক্তভোগীরা ২০১৩ সাল পর্যন্ত তার সুফল পেয়েছিল।
কর্মশালায় যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাড. গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলী, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার আজিম আহমেদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক রুহুল আমিন।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাছরিন আক্তার খান। পরামর্শ প্রতিষ্ঠান আইডব্লিউএমের সিনিয়র স্পেশালিস্ট শেখ নাহিদুজ্জামান সমীক্ষা প্রকল্পের উপর উপস্থাপনা করেন।
এসময় বক্তব্য দেন ভবদহ কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মতলেব সরদার, ইকবাল কবির জাহিদ, সাবেক ইউপি চেয়ারম্যান আমান উল্লাহসহ অংশীজনরা।
