নীলফামারীতে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
ছবি: সমকাল
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২৬ | ১৬:৪৮ | আপডেট: ১৭ মে ২০২৬ | ১৭:০০
নীলফামারী-সৈয়দপুর রেলপথে দীর্ঘ ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার দুপুর দুইটার দিকে দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের পর এই রুটে রেল যোগাযোগ পুনরায় শুরু হয়।
এর আগে, সকাল ৮টার দিকে খয়রাত নগর রেলস্টেশন এলাকায় রেললাইনের ওপর পড়ে থাকা গাছের ডালের কারণে 'খুলনা মেইল' ট্রেনের ইঞ্জিনের সামনের দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে নীলফামারীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
রেলওয়ে সূত্রে জানা যায়, দুর্ঘটনার খবর পেয়ে পার্বতীপুর থেকে একটি রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। দুপুর ১টার দিকে লাইনচ্যুত ইঞ্জিনটি লাইনে তোলা হয়। এরপর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর দুইটার পর ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।
রেলওয়ের উর্দ্ধতন উপসহকারী প্রকৌশলী (পথ) আল আমিন বলেন, ‘লাইনের ওপর পড়ে থাকা গাছের ডালের কারণে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। উদ্ধার কাজ শেষ হওয়ায় বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’
