ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এমপিকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট

গ্রেপ্তার ব্যক্তির ওপর থানায় ডিম নিক্ষেপ

গ্রেপ্তার ব্যক্তির ওপর থানায় ডিম নিক্ষেপ
×

বরিশালের বাকেরগঞ্জ থানা প্রাঙ্গণে শনিবার রাতে হামলার শিকার হন এক আসামি। ছবি: ভিডিও থেকে

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৬ | ২১:১৮

বরিশালের বাকেরগঞ্জে সাইবার নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার এক আসামির ওপর থানা প্রাঙ্গণে হামলা হয়েছে। এ সময় তার ওপর ডিম ছোড়েন যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। এ সংক্রান্ত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, বরিশাল-৬ সংসদ সদস্য ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানকে নিয়ে নিয়মিত ফেসবুকে কটূক্তিমূলক ছবি ও ভিডিও পোস্ট করে আসছিলেন নিলয় পারভেজ নামের এক ব্যক্তি। তিনি উপজেলার নিয়ামতি ইউনিয়নের বাসিন্দা।

সংসদ সদস্যকে নিয়ে বিভ্রান্তিকর পোস্টের বিষয়ে বাকেরগঞ্জের পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক মৃধা বাদী হয়ে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে সম্প্রতি সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন। শনিবার দুপুরে ঢাকার পাটনা থানা এলাকা থেকে নিলয় পারভেজকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৮টার দিকে ঢাকা থেকে একটি সাদা মাইক্রোবাসে করে নিলয় পারভেজকে বাকেরগঞ্জ থানায় আনা হয়। তাকে নামানোর সময় যুবদল ও ছাত্রদলের কিছু কর্মী তার ওপর চড়াও হন। এ সময় নিলয়কে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ থানার প্রধান ফটক বন্ধ করে দেয়। পরে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা থানার সামনে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা নিলয়ের বিচারের দাবি জানান।

গ্রেপ্তার নিলয় পারভেজকে প্রতারক হিসেবে উল্লেখ করে বাকেরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু বলেন, নিলয় পারভেজকে গ্রেপ্তার করে থানায় আনার পর স্থানীয় ছাত্রদল-যুবদলের কিছু নেতাকর্মী উত্তেজিত হয়ে হামলার চেষ্টা করেন। তবে এদের মধ্যে সংগঠন দুটির পদে আছেন, এমন কেউ ছিলেন না। 

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, আদালতের নির্দেশে হওয়া একটি মামলায় নিলয় পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানায় আনার পর কিছু বিক্ষুব্ধ লোক তাকে লাঞ্ছিত করার চেষ্টা করেন। পুলিশ দ্রুতই তাকে নিরাপত্তা হেফাজতে নেয়। রোববার সকালেই বরিশাল আদালতের মাধ্যমে নিলয়কে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×