জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে উত্যক্তের অভিযোগ, আটক ৩
ফাইল ছবি
জাবি প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২৬ | ০১:১৯
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে গালিগালাজ ও অসংগতিপূর্ণ আচরণের অভিযোগসহ পৃথক তিন ঘটনায় ৩ জনকে আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের হাতে তুলে দেয় শিক্ষার্থীরা৷
পরে রোববার রাত ৯টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর থেকে ওই ৩ জনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম সোহাগ।
তিনি জানান, ক্যাম্পাসের ইসলামনগর গেট এলাকায় নারী শিক্ষার্থী ও অন্যান্য নারীদের উত্যক্ত ও অশালীন কথা বলার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, সন্ধ্যায় প্রক্টর অফিসের সামনে আন্দোলনরত নারী শিক্ষার্থীদের অনুমতি ছাড়া ভিডিও ধারণের অভিযোগে ক্যাম্পাসের এক দোকান কর্মচারীকেও আটক করা হয়েছে।
এছাড়া, নতুন কলা ভবন এলাকার কাছে নারী শিক্ষার্থীদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি করার অভিযোগে আরও একজনকে আটক করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
- বিষয় :
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
