ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬

তিন শতক জমির বিরোধে দুই ভাই খুন 

তিন শতক জমির বিরোধে দুই ভাই খুন 
×

সংগৃহীত

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৮ মে ২০২৬ | ২১:০৪

বগুড়ার মোকামতলায় মাত্র তিন শতক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই যুবককে ছুরিকাঘাত ও মারধর করে হত্যা করা হয়েছে। সোমবার সকালে লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুজন সম্পর্কে চাচাতো ভাই। তারা হলেন লক্ষ্মীপুর গ্রামের জামিল উদ্দিনের ছেলে ইয়াছিন আলী ও মোফাজ্জল হোসেনের ছেলে সুমন হোসেন। ইয়াছিন পেশায় মুদি দোকানি এবং সুমন অটোরিকশাচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একই গ্রামের রেজাউল করিমের ছেলে রাব্বী ও আবদুল আহাদের সঙ্গে জমি নিয়ে ইয়াছিন ও সুমনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হলেও কোনো সমাধান হয়নি।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ফের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় আবদুল আহাদ প্রথমে ইয়াছিন আলীকে মারধর করে এবং পরে বুকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান ইয়াছিন। এরপর সুমন পালানোর চেষ্টা করলে তাকেও ধাওয়া করে মারধর ও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় মোকামতলা ইউনিয়ন পরিষদের সদস্য আল মামুন সোহাগ বলেন, ‘যারা নিহত হয়েছে এবং যারা হত্যাকাণ্ডে জড়িত, তারা সবাই একই বংশের ভাগীদার। মাত্র তিন শতক জমি নিয়ে বিরোধ চলছিল। আমরা অনেকবার সমাধানের চেষ্টা করেছি, কিন্তু পারিনি।’ মোকামতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাহিমা বেগম বলেন, ‘এক মাস আগে দুই পক্ষই ইউনিয়ন পরিষদে অভিযোগ দিয়েছিল। বিচার করতে গেলে এক পক্ষ উপস্থিত না থাকায় কার্যক্রম শেষ করা যায়নি। আজ সেই বিরোধের জেরে দুজনের প্রাণ গেল।’

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, ‘এ ঘটনায় আবদুল আহাদ নামে একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’


 

আরও পড়ুন

×