ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঘেরের চিংড়ি লুটে বাধা, আটজনকে কুপিয়ে জখম করল যুবলীগের নেতাকর্মীরা

ঘেরের চিংড়ি লুটে বাধা, আটজনকে কুপিয়ে জখম করল যুবলীগের নেতাকর্মীরা
×

আহতদের একজন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৬ | ১২:৫১

সাতক্ষীরার শ্যামনগরে ঘের থেকে চিংড়ি লুটে বাধা দেওয়ায় নারীসহ আটজনকে কুপিয়ে জখম করেছে যুবলীগ নেতাকর্মীরা। গতকাল সোমবার রাত নয়টার দিকে উপজেলার রমজাননগর ইউনিয়নের ভৈরবনগর পল্লীতে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- মেহেরুন্নেছা বেগম (৪০), মরিয়ম বিবি (৪৫), পারভীন আক্তার (২৪), খাদিজা আক্তার (২৬), গোলাম বারী (৫২), মনিরুল ইসলাম(৪৪), রবিউল ইসলাম (৩০) ও আলমগীর হোসেন (৩৩)। 

ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শাহিনুর, সাংগঠনিক সম্পাদক আনারুল ও তার ভাই যুবলীগ কর্মী সিরাজুল ইসলামের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ভুক্তভোগীদের। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মনিরুল ইসলামের ভাষ্য, রাজনৈতিক প্রভাব খাটিয়ে আওয়ামী লীগ সরকারের সময়ে তাদের জমি আনারুলের পরিবার দখল করে নেয়। ২০২৪ সালের ৫ আগস্ট পটপরিবর্তনের পর আনারুলসহ তার সহযোগীরা আত্মগোপনে চলে যান। তখন জমি ফিরে পান তারা। সে জমিতে তারা চিংড়ি চাষ করেন। সম্প্রতি আনারুল এলাকায় ফিরে ওই চিংড়িঘের দখলের হুমকি দিয়ে আসছিল। 

মনিরুল জানায়, সোমবার রাতে আনারুল, সিরাজুল ও শাহিনের নেতৃত্বে আজিজুল, রাশিদুল, আলামিন, দেলওয়ার, ইদ্রিস, সিরাজুল, মাজেদ, ময়নুদ্দীন, আব্দুল্লাহ, সাইদুলসহ ২২-২৩ জন ঘের থেকে চিংড়ি লুটের চেষ্টা করে। এ সময় ঘের পাহারার দায়িত্বে থাকা গোলাম বারী ও রবিউল বাধা দিতে তাদেরকে কুপিয়ে জখম করা হয়। খবর পেয়ে পরিবারের নারী সদস্যসহ অন্যরা এগিয়ে এলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। একপর্যায়ে খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেয়।

অভিযুক্ত আনারুল জানান, রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রতিপক্ষ তাদের অনুকূলে রেকর্ড হওয়া জমি দখলে নিয়ে মাছ চাষ করে। নিজেদের মালিকানাধীন জমি উদ্ধার করতে গেলে বাধার মুখে পড়লে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। প্রতিপক্ষ নিজেদের শরীর জখম করে হাসপাতালে ভর্তি হয়েছে।

শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান জানান, পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়েছিল। এ ঘটনায় আহত মনিরুল সোমবার রাতে থানায় এজাহার জমা দিয়েছেন। হামলায় জড়িতদের আইনের আওতায় আনাসহ মামলার প্রস্তুতি চলছে। 

আরও পড়ুন

×