লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ মে ২০২৬ | ২১:৪৬
দেশে ফিরেছেন লিবিয়ার বেনগাজি শহরে আটকা পড়া ১৭০ বাংলাদেশি নাগরিক। সমুদ্রপথে ইউরোপ যাওয়ার জন্য লিবিয়ার এ শহরে গিয়ে আটকা পড়েছিলেন তারা।
মঙ্গলবার ভোরে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাদের দেশে ফেরার বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা ফিরে আসা বাংলাদেশিদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের ফেরানোর যৌথ উদ্যোগ নিয়েছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এর আগেও ইউরোপে যাওয়ার জন্য লিবিয়ায় গিয়ে আটকে পড়া বাংলাদেশিদের অনেককে ফিরিয়ে আনা হয়েছে।
এর আগে গত মাসে (২৩ এপ্রিল) লিবিয়ার ‘ডিটেনশন সেন্টারে’ বন্দি থাকা ১৭৪ জনকে দেশে ফিরিয়ে আনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন বলে জানা যায়। তাদের অনেকে লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জনসচেতনতা বাড়াতে তাদের এই দুর্বিষহ অভিজ্ঞতা সকলের সঙ্গে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে অনুরোধ জানানো হয়েছে।
লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা যৌথভাবে কাজ করে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
