টাকা পরিশোধ না করেই সওজের উচ্ছেদ অভিযান
সওজ বিভাগের শৈলকূপা-লাঙ্গলবাঁধ সড়ক প্রশস্তকরণের আওতায় উচ্ছেদ অভিযান সমকাল
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ২০ মে ২০২৬ | ০৭:৪৬
| প্রিন্ট সংস্করণ
শৈলকুপা-লাঙ্গলবাঁধ সড়ক প্রশস্তকরণের লক্ষ্যে সড়কের পাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। গতকাল মঙ্গলবার সওজ বিভাগের আওতাধীন পাঠানপাড়া ও হেতামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২১টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
সওজের খুলনা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং এস্টেট ও আইন কর্মকর্তা পিজুস চন্দ্র দের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় উচ্ছেদকৃত স্থাপনার মালপত্র বিক্রিতে উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে ৫ লাখ ৪৩ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতার কাছে মালপত্র বিক্রি করা হয়।
সওজের অভিযানে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন, তাদের অধিগ্রহণ করা জমি ও স্থাপনার পাওনা পরিশোধ না করে উচ্ছেদ অভিযানে নেমেছে সওজ। পাঠানপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক বলেন, সওজ বিভাগে তাদের অধিগ্রহণ করা জমি ও স্থাপনার সমস্ত কাগজপত্র জমা দেওয়া হয়েছে। কিন্তু মূল্য পরিশোধ না করেই উচ্ছেদ শুরু করেছে।
এ বিষয়ে সওজের খুলনা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং এস্টেট ও আইন কর্মকর্তা পিজুস চন্দ্র দে বলেন, জমি অধিগ্রহণের সব নিয়মকানুন মেনেই উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। এখানে টাকা পরিশোধে সরকারি কোনো সমস্যা নেই। জমি ও স্থাপনার ওয়ারিশদের মধ্যে বিরোধ এবং তাদের অভিযোগের কারণে তারা অধিগ্রহণের টাকা বুঝে পাচ্ছেন না। ওয়ারিশরা সমঝোতা করে জানালে সঙ্গে সঙ্গে জেলা প্রশাসন থেকে অর্থ বুঝে দেওয়া হবে।
অভিযানে উপস্থিত ছিলেন সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান, ইউএনও মো. মাহফুজুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী জিয়াউদ্দিন প্রমুখ।
- বিষয় :
- সওজ
