ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

৫ ঘণ্টা পর খুলনা-পোড়াদহ-ঈশ্বরদী ও ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

৫ ঘণ্টা পর খুলনা-পোড়াদহ-ঈশ্বরদী ও ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
×

ছবি: সমকাল

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

প্রকাশ: ২১ মে ২০২৬ | ১০:৫৭

ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর খুলনা-পোড়াদহ-ঈশ্বরদী ও খুলনা-পোড়াদহ-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার দিবাগত রাত ২ টার দিকে মোংলা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী চিটাগুড় ভর্তি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় বন্ধ হয়ে যায় ওই সব রুটের ট্রেন চলাচল। এ ঘটনায় বিভিন্ন স্টেশনে আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

রেলওয়ে সূত্রে জানা গেছে, খুলনা রেলওয়ের আওতাধীন মোংলা রেলস্টেশন থেকে ছেড়ে আসা চিটাগুড় বোঝাই মালবাহী ট্রেনটি সিরাজগঞ্জ যাচ্ছিল। পথে বুধবার দিবাগত রাত ২টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর রেলস্টেশনের অদূরে ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। ফলে খুলনা-পোড়াদহ-ঈশ্বরদী ও খুলনা-পোড়াদহ-ঢাকা রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে খুলনা রেলস্টেশন থেকে একটি রিলিফ ট্রেন রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। পরে প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এতে বিভিন্ন স্টেশনে আটকে পড়া যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

কোটচাঁদপুরের সাবদারপুর রেলওয়ের স্টেশন মাস্টার রিপন আলী বলেন, ‘মোংলা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ গামী চিটাগুড় ভর্তি ট্রেনটির একটি বগির ৪ টি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এরপর রিলিপ ট্রেনের দীর্ঘ ৫ ঘন্টা চেষ্টার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’

আরও পড়ুন

×