তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
ছবি: সংগৃহীত
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৬ | ১৭:৫২
সুনামগঞ্জের তাহিরপুরে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ মধ্যহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আহসানুল মিয়া (১৬) উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের আলী রহমানের ছেলে।
আহসানুল এবার বাদাঘাট পাবলিক উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং ফলাফলের অপেক্ষায় ছিলেন।
নিহতের চাচা হাসান ইমাম বলেন, নিহত আহসানুলের বাবা নেই। পরিবারের সহযোগিতার জন্য অবসরে বিভিন্ন টুকটাক কাজ করতেন তিনি। বুধবার তাঁর পরীক্ষা শেষ হয়। পরদিনই নির্মাণকাজ করতে গিয়ে প্রাণ হারান। ঘটনার পর থেকে তাঁর মা বারবার কান্নায় ভেঙে পড়ছেন। লেখাপড়ার পাশাপাশি পরিবারের দায়িত্বও নেওয়ার চেষ্টা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি তিনতলা ভবনের নির্মাণকাজ চলাকালে ভবনের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ১১ কেভি লাইনের সংস্পর্শে এলে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে তাহিরপুর সাব-জোনাল অফিসের এজিএম মোহাম্মদ আলাউল হক সরকার বলেন, পল্লী বিদ্যুতের ১১ কেভি লাইনের পাশেই ভবনটির নির্মাণকাজ চলছিল। কিন্তু কাজ শুরুর আগে লাইন বন্ধ করার জন্য কর্তৃপক্ষকে জানানো হয়নি। ভবন নির্মাণের বিষয়েও আমাদের অবগত করা হয়নি।
তবে ভবনের মালিক সাজু আহমেদ দাবি করেন, চার মাস আগে থেকেই বিদ্যুতের লাইন সরানোর জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি। তাদের গাফিলতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে।
