ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পশুর হাট ইজারা ঘিরে বিএনপি জামায়াত উত্তেজনা

সংঘর্ষের আশঙ্কায় ঈদের আগ পর্যন্ত ১৪৪ ধারা জারি

পশুর হাট ইজারা ঘিরে বিএনপি জামায়াত উত্তেজনা
×

সংগৃহীত

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৬ | ১৮:০১

পাবনার সাঁথিয়ায় অস্থায়ী পশুর হাট ইজারা নিয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বৃস্পতিবার সকাল ১১টা থেকে ঈদুল আজহার আগের দিন রাত ১২টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

জানা গেছে, সাঁথিয়া পৌরসভাধীন সাঁথিয়া বাজারসংলগ্ন ইছামতী নদীর তীরের ডাইকের পাশের খোলা জায়গাকে অস্থায়ী পশুর হাট হিসেবে ইজারা দেওয়ার উদ্যোগ নেয় পৌর প্রশাসন। জেলা প্রশাসকের অনুমতি নিয়ে গত ১৯ মে উপজেলা পরিষদ হলরুমে নিলাম ডাকা হয়। এতে অংশ নিতে ২৬ জন আগ্রহী ব্যক্তি ২০ হাজার টাকা করে জামানত জমা দেন।

তবে নিলামকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতপন্থি অংশগ্রহণকারীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান নিলাম স্থগিত করেন। পরে বৃহস্পতিবার সকাল ৯টায় পুনরায় নিলামের আয়োজন করা হলে আবারও দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিএনপি নেতাকর্মীরা হলরুম ত্যাগ করেন। পরে থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মেহেদী হাসান অভিযোগ করেন, ‘প্রশাসনের একটি পক্ষের যোগসাজশে অস্থায়ী পশুর হাটের নিলাম বন্ধ করা হয়েছে।’ অন্যদিকে সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম বলেন, ‘পৌর প্রশাসনের আহ্বানে নিলামে অংশ নিতে গিয়েছিলাম। জামায়াত নেতাকর্মীরা গালাগাল ও হুমকি দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না জানান, এখন পর্যন্ত কাউকে পশুর হাট ইজারা দেওয়া হয়নি। হাটকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কা থাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময় এলাকায় পাঁচজনের বেশি একত্র হওয়া, সভা-সমাবেশ, মিছিল, মাইকিং এবং অস্ত্র বহন নিষিদ্ধ থাকবে।


 

আরও পড়ুন

×