মব আতঙ্কে কলেজে যেতে পারছেন না অধ্যক্ষ
সংবাদ সম্মেলনে অভিযোগ
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মে ২০২৬ | ০৮:৩৯
| প্রিন্ট সংস্করণ
মির্জাপুরে ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কাজী হান্নান মব আতঙ্কে কলেজে যেতে পারছেন না বলে অভিযোগ করেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মির্জাপুর প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে অধ্যক্ষ কাজী হান্নান বলেন, স্কুল শাখার সহকারী শিক্ষক সোলাইমান তাঁর বিরুদ্ধে কলেজ পরিচালনা কমিটির কাছে তাঁর স্ত্রীকে জড়িয়ে লিখিত অভিযোগ করেছিলেন। তাঁর অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণিত হলে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব তাঁকে কলেজে যোগদানের জন্য চিঠি দেন। গত বুধবার তিনি কলেজে গেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হানিফ তাঁর যোগদানপত্র গ্রহণ করেননি। এ সময় স্থানীয় যুবক ইবলুর নেতৃত্বে ২০-২৫ জন তাঁর ওপর হামলা করে। ফলে তিনি ফিরে আসতে বাধ্য হন। এরপর গত বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে মানববন্ধন করা হয়।
এ ছাড়া সহকারী শিক্ষক সোলাইমানের নিয়োগের বৈধতা নিয়ে কথা বলা এবং কলেজ এমপিও হওয়ার পর তাঁর বেতনের তিন লাখ টাকা ফেরত না দেওয়া নিয়ে কথা বলায় ষড়যন্ত্র করছেন তিনি। কলেজের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হাফিজুল ইসলাম কলেজের আর্থিক হিসাব নিয়মিত দেন না। এটি নিয়ে কথা বললেই ক্ষিপ্ত হন তিনি। এসব কারণেই স্থানীয় একটি চক্র তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে দাবি করেন অধ্যক্ষ কাজী হান্নান। তিনি বলেন, যে কোনো সময় তাঁর ওপর মব সৃষ্টি হতে পারে। এ জন্য তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এর আগে বৃহস্পতিবার অধ্যক্ষ কাজী হান্নানের বিরুদ্ধে যৌন হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে মানববন্ধন করেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। তারা অভিযোগ করেন, অধ্যক্ষ কাজী হান্নানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগ রয়েছে। এর আগেও প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা তাঁর বিরুদ্ধে অনাস্থা দিয়ে এডহক কমিটির কাছে অভিযোগ করেছিলেন।
- বিষয় :
- মব
